IND vs ENG: রোহিতের শতরান, গিলের হাফ সেঞ্চুরি! বিরাট, রাহুলদের ব্যর্থতা সত্ত্বেও ভারতের সিরিজ জয়
IND vs ENG: রোহিত শর্মার ৩২তম ওডিআই শতরান। শুভমান গিলের টানা দুটি ওডিআইয়ে অর্ধশতরান। কটকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকেও ইংল্যান্ডকে হেলায় হারাল ভারত।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল রোহিত শর্মার দল। ভারতে এসে টি২০-র পর একদিনের সিরিজেও পরাস্ত জস বাটলারের দল। ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের সাদা বলের হেড কোচ হিসেবে দুটি সিরিজেই পরাজয়ের সাক্ষী থাকলেন।

ভারতের সামনে জয়ের জন্য় ৩০৫ রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ড। ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ৪৪.৩ ওভারেই। ছয় উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলল মেন ইন ব্লু। ফলে ৪৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত হলো বরাবাটি স্টেডিয়ামে।
ফ্লাডলাইট বিভ্রাটের জন্য আধ ঘণ্টার কাছাকাছি খেলা বন্ধ থাকলেও তা ভারতের দাপটকে দমাতে পারেনি। রোহিত শর্মা ১২টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ৯০ বলে ১১৯ রান করলেন। ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৬০ রান শুভমান গিলের।
বিরাট কোহলি ৮ বলে ৫ ও লোকেশ রাহুল ১৪ বলে ১০ রান করলেন। তাঁদের ব্যাটিং ফর্ম চিন্তায় রাখছে। শ্রেয়স আইয়ার রান আউট হলেন ৪৭ বলে ৪৪ রান করে। তিনি তিনটি চার ও একটি ছয় মেরেছেন। অক্ষর প্যাটেলকে পাঠানো হয়েছিল পাঁচে। তিনি চারটি চারের সাহায্যে ৪৩ বলে ৪১ রানে অপরাজিত থাকলেন।
হার্দিক পাণ্ডিয়া করেন ৬ বলে ১০। রবীন্দ্র জাদেজা ৭ বলে ১১ রানে অপরাজিত থাকলেন। জেমি ওভার্টন ২টি, গাস অ্যাটকিনসন, লিয়াম লিভিংস্টোন ও আদিল রশিদ পেলেন ১টি করে উইকেট।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩০৪ রান তুলেছিল ইংল্যান্ড। বেন ডাকেট ৬৫ ও জো রুট ৬৯ রান করেন। রবীন্দ্র জাদেজা নিয়েছিলেন তিন উইকেট। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, হর্ষিত রানা ও হার্দিক পাণ্ডিয়া। সিরিজের শেষ ম্যাচ বুধবার আমেদাবাদে। তাতে খেলানো হতে পারে অর্শদীপ সিং, ঋষভ পন্থদের।
ভারত অধিনায়ক রোহিত শর্মাই ম্যাচের সেরা। তিনি বলেন, ওডিআই ফরম্যাট টি২০-র চেয়ে বড়, তবে টেস্টের চেয়ে বেশ ছোট। সেইমতোই পরিকল্পনা করে খেলেছি। উইকেটের চরিত্র বুঝে যতটা সময় বেশি সময় কাটানোই লক্ষ্য ছিল। দলের জন্য রান করতে পেরে ভালো লাগছে। উপভোগ করেছি ব্যাটিং।
শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেন রোহিত। প্রশংসায় ভরালেন গিলকে। রোহিতের কথায়, কালো মাটির পিচে বল স্কিড করে। ফলে ব্য়াটের মাঝখান দিয়ে খেলাই গুরুত্বপূর্ণ। জানতাম এরপর শরীর লক্ষ্য করে আর উইকেট বরাবর বোলিং করবেন বোলাররা। সেইমতোই তৈরি ছিলাম। রোহিত জানান, প্রতিটি ম্যাচেই ব্যক্তিগত ও দলগতভাবে খেলা আরও উন্নত করাকেই গুরুত্ব দিচ্ছেন।












Click it and Unblock the Notifications