IND vs ENG: রোহিতের দুঃসময় অব্যাহত! নাগপুরে ব্যর্থ হতেই জোরালো অবসর নেওয়ার দাবি
রোহিত শর্মার দুঃসময় অব্যাহত। বলের রং বদলাল। কিন্তু ব্যাট হাতে ফর্ম বদলাল না ভারত অধিনায়কের। নাগপুরে রোহিত ব্যর্থ হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়াল মিম।
ক্রিকেটপ্রেমীরা রোহিতের অবসর নেওয়ার দাবিও তুললেন। সবমিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চাপ বাড়ল রোহিতের।

ভারতের সামনে ২৪৯ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ওডিআই অভিষেক হওয়া যশস্বী জয়সওয়ালকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত। যশস্বী ২২ বলে ১৫ রান করে জোফ্রা আর্চারের বলে কট বিহাইন্ড হন।
এরপর ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে রোহিতের উইকেটটি তুলে নেন সাকিব মাহমুদ। আপাতনিরীহ বল মিড উইকেটে খেলতে গিয়েছিলেন। বল ব্যাটের তলার দিকে লেগে উপরে উঠে যায়। রোহিতের ক্যাচ তালুবন্দি করেন লিয়াম লিভিংস্টোন।
রোহিত ৭ বলে ২ রানের বেশি করতে পারলেন না। গতকালই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, রোহিতকে ভবিষ্যৎ নির্ধারণের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি সময় দিয়েছে বিসিসিআই। যদিও রোহিত গতকালই বলেন, অনেক রিপোর্টই তো বেরোচ্ছে। আমি তার সত্যতা স্বীকার করতে সাংবাদিক বৈঠকে বসিনি।
লাল বলের ক্রিকেটে রোহিতের ফর্ম খারাপ চলছে দীর্ঘদিন ধরেই। অনেকে ভেবেছিলেন সাদা বলের ক্রিকেটে হয়তো চেনা মেজাজে ফিরবেন হিটম্যান। নাগপুর রোহিতের জন্মস্থান। রোহিত বলেছিলেন, নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আগে কী হয়েছে তা মাথায় রাখছেন না।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে রোহিতের রান ছিল যথাক্রমে ৬,৫, ২৩ ও ৮। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২, ৫২, ০, ৮, ১৮ ও ১১। অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে রোহিত করেন ৩। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্টে তাঁর রান ৩, ৬, ১০, ৩ ও ৯।
সিডনি টেস্টে নিজেই সরে দাঁড়িয়েছিলেন। রঞ্জি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রোহিত করেন ৩ ও ২৮। তারপর এদিনের ২। চলতি সিরিজে আর দুটি ওডিআই রয়েছে। তারপরই চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে আইসিসি ইভেন্টের আগে রোহিতের ফর্ম চিন্তা বাড়াল টিম ম্যানেজমেন্টের।
রোহিত ও যশস্বী ব্যর্থ হলেও শ্রেয়স আইয়ার কিন্তু সাফল্য পেলেন। চারে নেমে তিনি ৩৬ বলে ৫৯ রান করে জেকব বেথেলের বলে লেগ বিফোর হন। রিভিউ নিয়ে লাভ হয়নি। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন। শ্রেয়স নেমেছিলেন চারে। এই প্রতিবেদন লেখা অবধি ভারতের স্কোর ২০ ওভারে ৩ উইকেটে ১৩৮ রান। শুভমান গিল ৪০ বলে ৩৫ ও অক্ষর প্যাটেল ১৫ বলে ১৮ রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications