IND vs ENG: দ্রাবিড়কে টপকে সচিনের নজির ভাঙা, কটকে রোহিতের সামনে বিরাট মাইলস্টোনের হাতছানি
IND vs ENG: আজ কটকে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে মেন ইন ব্লু।
ভারত অধিনাক রোহিত শর্মার ফর্ম খারাপ চলছে। হিটম্যান চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছন্দে ফিরতে। বেশ কয়েকটি মাইলস্টোনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তিনি।

একদিনের আন্তর্জাতিকে রাহুল দ্রাবিড়কে টপকে যেতে পারেন রোহিত। সে জন্য তাঁর দরকার ২২ রান। ২৬৬টি ওডিআইয়ে রোহিতের রয়েছে ১০,৮৬৮ রান। রাহুল দ্রাবিড়ের রয়েছে ১০,৮৮৯ রান। দ্রাবিড় অবশ্য ওডিআই খেলেছেন তিনটি দলের হয়ে।
ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিকে দ্রাবিড়ের রয়েছে ৩৪০ ম্যাচে ১০,৭৬৮ রান। এশিয়া একাদশের হয়ে একটি ম্যাচে তিনি করেছিলেন ৭৫। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব একাদশের হয়ে দ্রাবিড়ের ৪৬ রান রয়েছে। আজ যদি দ্রাবিড়কে রোহিত টপকাতে পারেন, তাহলে তিনি ওডিআই সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দশে চলে আসবেন।
নাগপুরে রোহিত ৭ বলে ২ রানের বেশি করতে পারেননি। তবে আজ তাঁর সামনে সচিন তেন্ডুলকরের নজির ভাঙার হাতছানি রয়েছে। সেজন্য দরকার ১৩২ রান। একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ১১ হাজার রানের মাইলস্টোন স্পর্শের মুখে।
একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ১১ হাজার রান করার বিশ্বরেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। তিনি ২২২তম ইনিংসে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। সচিন তেন্ডুলকরের লেগেছিল ২৭৬ ইনিংস। রোহিত শর্মা এখনও অবধি ২৫৮ ইনিংসে ব্যাট করেছেন। ফলে আজ না হলেও সচিনের নজির টপকানো রোহিতের কাছে স্রেফ সময়ের অপেক্ষা। ১১ হাজার ওডিআই রান করতে রিকি পন্টিংয়ের ২৮৬ ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২৮৮টি ইনিংস লেগেছিল।












Click it and Unblock the Notifications