IND vs ENG: হিরো হওয়ার দরকার নেই! সরফরাজকে কেন খুল্লমখুল্লা তিরস্কার রোহিতের?
IND vs ENG: রাঁচিতে ভারতীয় দল টেস্ট সিরিজ জেতার দোরগোড়ায়। রোহিত শর্মার দলকে কাল তুলতে হবে ১৫২ রান, হাতে ১০ উইকেট। চার দিনেই চতুর্থ টেস্ট জেতার সামনে ভারত।
আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিলেন ভারতের স্পিনাররা। রবিচন্দ্রন অশ্বিন পাঁচটি, কুলদীপ যাদব নিলেন চার উইকেট। তবে এরই মধ্যে সরফরাজ খান পড়লেন অধিনায়কের তিরস্কারের মুখে।

সরফরাজ খানের টেস্ট অভিষেকের পর তাঁর বাবা নৌসাদ খান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অনুরোধ করেছিলেন, ছেলের খেয়াল রাখতে। সরফরাজ যখন ব্যাট করতে নামছিলেন, তখন তাঁর পিঠ চাপড়ে দিতে দেখা গিয়েছিল হিটম্যানকে। রাজকোট টেস্টে দুই ইনিংসেই অর্ধশতরান করেছিলেন সরফরাজ।
রাঁচিতে প্রথম টেস্টে সরফরাজ ৫৩ বল খেলে ১৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে নজর কাড়লেন ফিল্ডিংয়ে। আজ কুলদীপ যাদবের বলে টম হার্টলির ক্যাচ দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন সামনের দিকে ডাইভ মেরে। এই ক্যাচটি ধরায় ইংল্যান্ডের সপ্তম উইকেটের পতন হয়।
ক্যাচটি ধরার পরই গ্যালারির দিকে ফ্লাইং কিস ছুড়তে দেখা যায় সরফরাজকে। রাঁচিতে সরফরাজের সঙ্গে পৌঁছছিলেন তাঁর স্ত্রী। ফলে ফ্লাইং কিস যে স্ত্রীকে লক্ষ্য করে তা নিয়ে সংশয় নেই। কিন্তু এরই মধ্যে অধিনায়কের ধমকও খেলেন সরফরাজ। রোহিতের পরামর্শ মানতেও দেখা গেল।
🔊 Hear this! Rohit does not want Sarfaraz to be a hero?🤔#INDvsENG #IDFCFirstBankTestSeries #BazBowled #JioCinemaSports pic.twitter.com/ZtIsnEZM67
— JioCinema (@JioCinema) February 25, 2024
স্পিনাররা টানা বল করছিলেন। সরফরাজকে সিলি পয়েন্টে ফিল্ডিং করতে বলা হয়। এই পজিশনে যাঁরা ফিল্ডিং করেন তাঁরা হেলমেট পরেই দাঁড়ান। কিন্তু সরফরাজ তা করেননি। এটা খেয়াল করেই রোহিত তাঁকে বলেন, হিরো নেহি বননে কা! অর্থাৎ হিরো হওয়ার দরকার নেই। হেলমেট পরতে বলেন রোহিত। এরপরই সরফরাজ হেলমেট নেন।
তবে এবারই প্রথম যে সরফরাজকে রোহিত ধমক দিলেন দাদার মতো তা নয়। রাজকোট টেস্টে জলপানের বিরতিতে যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান হাঁটা দিয়েছিলেন ড্রেসিংরুমের দিকে। তাঁরা ভেবেছিলেন রোহিত বুঝি ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন। কিন্তু ড্রেসিংরুম থেকেই তাঁদের রোহিত ইশারা করে বার্তা দেন, ক্রিজে গিয়ে ব্যাটিং চালিয়ে যেতে।












Click it and Unblock the Notifications