IND vs ENG: ভারতের ওডিআই জার্সিতে বিরাট বদল, কাঁধে উজ্জ্বল তেরঙার ডিজাইন
IND vs ENG: বৃহস্পতিবার জামঠার ভিসিএ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। ব্র্যান্ড নিউ জার্সি পরে।
আজ বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারদের নতুন জার্সি পরে তোলা ছবি পোস্ট করা হয়েছে। শুভমান গিলের মতো কেউ কেউ সেই জার্সির ছবি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

ভারতের ওডিআই দলের জার্সিতে পরিবর্তনের আভাস মিলেছিল গত নভেম্বরেই। হরমনপ্রীত কৌরকে নিয়ে সেই জার্সির আনুষ্ঠানিক উন্মোচন করেছিলেন তৎকালীন বিসিসিআই সচিব জয় শাহ। সেই জার্সি পরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলে ভারতের মহিলা দল।
তবে রোহিত শর্মারা নতুন ডিজাইনের এই জার্সি পরে প্রথম নামবেন ইংল্যান্ডের বিরুদ্ধেই। ভারতীয় দলকে বলা হয় মেন ইন ব্লু। চিরাচরিত নীল রঙের জার্সিই রয়েছে। ডিজাইনে বদল রয়েছে। বিশেষ করে কাঁধের কাছে।
ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে জাতীয় পতাকার তিন রং উজ্জ্বলভাবে রাখা হয়েছে। জাতীয় পতাকার তেরঙা দিয়েই জার্সির কাঁধের কাছের ডিজাইন হয়েছে। তবে জার্সির সামনে বা পিছনে তেমন বড়সড় কোনও পরিবর্তন আনা হয়নি।
আগে ভারতীয় ক্রিকেট দলের ওডিআই জার্সিতে কাঁধের কাছে তিনটি সাদা রংয়ের স্ট্রাইপ থাকতো। এবার সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে জাতীয় পতাকার তিন রংকে। তার উপর সাদা রংয়ের স্ট্রাইপ রয়েছে। ভারতের টি২০ দলের জার্সিতে আবার গেরুয়ার উপর সাদা রংয়ের স্ট্রাইপ থাকে। তাতে বদল আসবে কিনা তা বলবে সময়।
ভারত ১৯৮৩ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছে। তা তুলে ধরতে জার্সিতে আগের মতো এবারও বিসিসিআইয়ের লোগোর উপর দুটি তারা রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের পর ভারত খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তাতেও এমন জার্সিই থাকবে বলে মনে করা হচ্ছে। তবে সেখানে স্পনসরদের লোগো রাখার বিষয়ে নিয়ম রয়েছে। সেই সঙ্গে আয়োজক দেশ পাকিস্তানের নামও লেখা থাকবে টুর্নামেন্টের লোগোর সঙ্গে।












Click it and Unblock the Notifications