IND vs ENG: রোহিতের বিধ্বংসী অধিনায়কোচিত শতরান, হিটম্যান ভেঙে দিলেন গেইলের কীর্তিও
IND vs ENG: বিরাট কোহলিকে নিয়ে চিন্তা থাকলেও ভক্তদের স্বস্তি দিলেন রোহিত শর্মা। কটকের বরাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে হাঁকালেন অধিনায়কোচিত শতরান।
একদিনের আন্তর্জাতিকে এটি রোহিতের ৩২তম শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয়, দেশের মাটিতে চতুর্দশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত ওডিআই শতরান পেলেন প্রায় ৬ বছর পর। ২০১৮ সালে নটিংহ্যামে করেছিলেন ১১৪ বলে অপরাজিত ১৩৭। ২০১৯ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ব্যাট থেকে এসেছিল ১০৯ বলে ১০২ রানের ইনিংস।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মাটিতে এদিনই প্রথম ওডিআই শতরান পেলেন হিটম্যান। ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। শতরান এলো ৭৬ বলে। তখনও অবধি রোহিতের নামের পাশে ৯টি চার ও সাতটি ছয়। আদিল রশিদের বলে লং অফের উপর দিয়ে ছয় মেরে এদিন শতরানে পৌঁছন রোহিত। এই ওভারের শেষ বলে চারও মারেন।
একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ৩৩৮তম ছক্কার দৌলতে রোহিত পৌঁছলেন শতরানে। দীর্ঘদিন রান পাচ্ছিলেন না। চাপ বাড়ছিল। লাল বলের ক্রিকেট থেকে সাদা বলের ক্রিকেটে ফিরে নাগপুরে হতাশ করেছিলেন। কিন্তু কাঙ্ক্ষিত শতরানটি পেয়ে গেলেন এদিন।
আজই ক্রিস গেইলের ওডিআইয়ে ৩৩১টি ছয়ের নজির ভেঙেছেন রোহিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ৩৩৮টি ছয় মেরেছেন ওডিআইয়ে। সামনে শুধুই শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডারের একদিনের আন্তর্জাতিকে ৩৫১টি ছয় রয়েছে। রোহিত সেই নজির ভেঙে দিতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেই।
রোহিতের রান না পাওয়া নিয়ে উদ্বেগের কিছু নেই। গতকালই বলেছিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি বলেছিলেন, নাগপুরে ওডিআইয়ের আগে শ্রীলঙ্কায় তিনটি ওডিআইয়ে রোহিত যথাক্রমে ৫৮, ৬৪ ও ৩৫ করেছিলেন। নাগপুরে ২ রানে আউট হওয়ার পর এদিনের শতরান। ২০২৩ সালের বিশ্বকাপে দিল্লিতে ওডিআই কেরিয়ারের ৩১তম শতরান পেয়েছিলেন রোহিত। তারপর ১৪তম ইনিংসে ফের শতরান পেলেন। তার মাঝে ৪ বার হাফ সেঞ্চুরি করেছেন। দু-বার আউট হয়েছেন ৮০ পেরনোর পর।












Click it and Unblock the Notifications