Rohit Sharma: ধোনি, বিরাটের পাশে নাম লেখালেন রোহিত, কটকে জিতলেই পিছনে ফেলবেন সৌরভকে
Rohit Sharma: মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের নজির স্পর্শ করলেন রোহিত শর্মা। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিতে নেমেই।
আজ রোহিত অধিনায়ক হিসেবে ভারতকে ৫০তম ওডিআইয়ে নেতৃত্ব দিচ্ছেন। এই ম্যাচে জিতলে আবার হিটম্যান ভেঙে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজির।

ভারতের অষ্টম অধিনায়ক হিসেবে রোহিত ৫০তম ওডিআইয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। রোহিতের অধিনায়কত্বে ৪৯টি ওডিআইয়ের মধ্যে ভারত জিতেছে ৩৫টিতে, ফলে সাফল্যের হার ৭০ শতাংশ। ভারতকে ১০টির বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে যা সেরা।
মহেন্দ্র সিং ধোনি ভারতকে ২০০টি ওডিআইয়ে নেতৃত্ব দিয়েছেন। মহম্মদ আজহারউদ্দিন ১৭৪টি, সৌরভ গঙ্গোপাধ্যায় ১৪৬টি, বিরাট কোহলি ৯৫টি, রাহুল দ্রাবিড় ৭৯টি, কপিল দেব ৭৪টি ও সচিন তেন্ডুলকর ৭৩টি ওডিআইয়ে ভারতের অধিনায়কত্ব করেছেন।
টি২০ আন্তর্জাতিকেও ভারতের সফলতম অধিনায়ক রোহিত শর্মাই। তিনি ৬২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে ভারত জিতেছে ৫০টিতে। টি২০ আন্তর্জাতিকে ভারতকে সবচেয়ে বেশি ৭২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
আজ ভারত যদি জেতে তাহলে যেমন সিরিজ জয় নিশ্চিত হবে, তেমনই সৌরভকে টপকে যাবেন অধিনায়ক রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত হবেন চতুর্থ সফলতম ভারত অধিনায়ক। নাম লেখাবেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও মহম্মদ আজহারউদ্দিনের পরেই।
ধোনি ভারতকে ৩৩২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ভারত জিতেছে ১৭৮টি। টাই হয়েছে ৬টি, ভারত হেরেছে ১২০টিতে। ফলে ধোনিই ভারতের সফলতম অধিনায়ক। কোহলির নেতৃত্বে ভারত ২১৩টি ম্যাচের মধ্যে জিতেছে ১৩৫টিতে।
মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে ভারত ২২১টি ম্যাচে জয় পেয়েছে ১০৪টি ম্যাচে। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতকে ১৯৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ভারত জিতেছে ৯৭টিতে। রোহিত ১৩৬তম আন্তর্জাতিক ম্যাচে আজ নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বেও ভারত জিতেছে ৯৭টি ম্যাচ। আজ জিতলে সেটি বেড়ে হবে ৯৮। সৌরভ সফলতম অধিনায়কদের তালিকায় নেমে যাবেন পাঁচে।
এদিকে, কটকে টস জিতে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ইংল্যান্ড ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে। ফিল সল্ট ২৯ বলে ২৬ রান করে ওডিআইয়ে বরুণ চক্রবর্তীর প্রথম শিকার। অপর ওপেনার বেন ডাকেট ৫৬ বলে ৬৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়েছেন। জো রুট ১৬ বলে ১০ ও হ্যারি ব্রুক ১৪ বলে ১০ রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications