IND vs ENG: রিঙ্কু সিংয়ের চোট, খেলতে পারবেন না দুটি T20I, ডাক পেলেন কেকেআর-সতীর্থ
IND vs ENG: নীতীশ কুমার রেড্ডি ছিটকে গেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজ থেকেই। আর রিঙ্কু সিং খেলতে পারবেন না দুটি ম্যাচ।
রিঙ্কু আজকের ম্যাচের পাশাপাশি ২৮ জানুয়ারি রাজকোটে তৃতীয় টি২০ আন্তর্জাতিক থেকেও ছিটকে গেলেন। জানাল বিসিসিআই।

নীতীশের মতো রিঙ্কুকেও কলকাতায় প্রথম টি২০ আন্তর্জাতিকে ব্য়াটিং, বোলিং করতে হয়নি। অর্শদীপ সিংয়ের বলে অনেকটা দৌড়ে গিয়ে বেন ডাকেটের ক্যাচ ধরেছিলেন রিঙ্কু। কিন্তু ওই ম্যাচেই চোট লাগে রিঙ্কুর।
রিঙ্কুর লোয়ার ব্যাক স্প্যাজমের সমস্যা দেখা দিয়েছে। তাঁর দিকে সর্বক্ষণ নজর রাখছে বোর্ডের মেডিক্যাল টিম। প্রথম টি২০ আন্তর্জাতিকে ফিল্ডিং করতে গিয়েই চোট লাগে রিঙ্কুর। সে কারণে তিনি আপাতত দুটি ম্যাচ থেকে ছিটকে গেলেন।
রিঙ্কু ভারতীয় দলের নির্ভরযোগ্য প্লেয়ার। তাঁর না থাকা নিশ্চিতভাবেই সমস্যায় ফেলবে ভারতকে। রিঙ্কু ইডেনে নেট প্র্যাকটিসেও দীর্ঘক্ষণ অনুশীলন করেছিলেন। চেনা ছন্দেও ছিলেন। নীতীশকে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পাঠানো হলেও রিঙ্কু থাকবেন দলের সঙ্গেই। বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে।
নীতীশ সিরিজ থেকে এবং রিঙ্কু দুটি ম্যাচ থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় টি২০ দলে ডাক পেলেন শিবম দুবে ও রামনদীপ সিং। রামনদীপ আবার কেকেআরে রিঙ্কুর সতীর্থ। শিবম মুম্বই ও রামনদীপ পাঞ্জাবের হয়ে রঞ্জি ম্যাচ খেলেন। তাঁদের দল দুটি হেরেও গিয়েছে। শিবম ও রামনদীপ হতাশও করেছেন তাঁদের পারফরম্যান্সে।
শিবম ও রামনদীপ তৃতীয় টি২০ আন্তর্জাতিকের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। গতকাল চেন্নাইয়ে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকেছিল অভিষেক শর্মার। তাঁর ফিটনেস নিয়ে কিছু জানায়নি বিসিসিআই। তিনি আজ খেলতে পারবেন কিনা কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে। তবে অভিষেকের নাম রয়েছে টি২০ দলে।
নীতীশ ও রিঙ্কু না থাকায় ভারতীয় দলে কে আজ আসবেন সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে। ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা বেড়েছে। সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। মহম্মদ শামিকে আজ খেলানো হবে তা নিয়েও চর্চা রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, শিবম দুবে, রামনদীপ সিং। শিবম ও রামনদীপ দ্বিতীয় ম্যাচে বিবেচিত হবেন না।












Click it and Unblock the Notifications