IND vs ENG: রবীন্দ্র-রাজ রাজকোটে! রোহিতের পর শতরান জাড্ডুর, সরফরাজকে রান আউট করে তিনিই ভিলেন
IND vs ENG: রাজকোট টেস্টে রোহিত শর্মার পর শতরান হাঁকালেন রবীন্দ্র জাদেজা। প্রায় ২ বছর পর টেস্ট শতরান জাড্ডুর ব্যাটে। সৌরাষ্ট্রের জাদেজা ঘরের মাঠেই পেলেন দ্বিতীয় টেস্ট শতরান।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শতরান জাদেজার কেরিয়ারে চতুর্থ। ২০২২ সালের জুলাইয়ে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধেই শেষবার টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছিলেন জাদেজা।

ওই শতরানের পর আরও ১৩টি ইনিংসে ব্যাট করেছেন জাদেজা। তার মধ্যে তিনবার অর্ধশতরান পেলেও সেগুলিতে শতরানে পরিণত করতে পারেননি। চলতি সিরিজে হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৭ ও ২ রান করেন। চোটের কারণে খেলতে পারেননি বিশাখাপত্তনম টেস্টে।
চোট সারিয়ে কামব্যাক টেস্টেই শতরান পেলেন জাদেজা। রাজকোটে এটি তাঁর দ্বিতীয় টেস্ট শতরান। ২০১৮ সালের অক্টোবরে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩২ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। উল্লেখ্য, এটিই ছিল টেস্টে তাঁর প্রথম শতরান।
২০২২ সালে জাদেজা দুটি টেস্ট শতরান করেন। সে বছর মার্চে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেন ২২৮ বলে ১৭৫ রানের ইনিংস, যা টেস্টে তাঁর কেরিয়ারের সর্বাধিক স্কোর। এরপর বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পান। ফলে জাদেজার চারটি টেস্ট শতরানের তিনটিই দেশের মাটিতে।
আজ ভারত যখন ৩৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে তখন পাঁচে ব্যাট করতে পাঠানো হয়েছিল জাদেজাকে। রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার চতুর্থ উইকেট জুটিতে ওঠে ২০৪ রান। চা বিরতির পর প্রথম ওভারেই শতরান পূর্ণ করেছিলেন রোহিত। জাদেজা শতরান পেলেন তৃতীয় সেশনের জলপানের বিরতির কিছু পরে।
জাদেজা টেস্টে ২ বার নব্বইয়ের ঘরে পৌঁছেও শতরান পাননি। ২০১৯ সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯১ ও মোহালিতে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ রানে আউট হয়েছিলেন। আজ ৯৭ বলে ৫০ পূর্ণ করার পর শতরানে পৌঁছতে নিলেন আরও ১০১টি বল।
রোহিত শর্মা ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯৬ বলে ১৩১ রান করে মার্ক উডের তৃতীয় শিকার হন। ভারতের ব্যাটিং লাইন আপের প্রথম তিন ব্যাটারই উডের শিকার। যশস্বী জয়সওয়াল ১০ বলে ১০ এবং শুভমান গিল ৯ বলে ০ রান করে আউট হন। রজত পাটীদার ১৫ বলে ৫ রান করে টম হার্টলির শিকার।
পাটীদার সুযোগের সদ্ব্যবহার করতে ফের ব্যর্থ হলেন। তবে অভিষেক ম্যাচে বাবা-মায়ের সামনে শুরুটা ভালোই করলেন সরফরাজ খান। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ঝোড়ো ব্যাটিং করে অর্ধশতরানও পূর্ণ করেন। তবে রান আউট হলেন দুর্ভাগ্যজনকভাবে। রবীন্দ্র জাদেজা ডেকেও তাঁকে ফেরত পাঠান।
এমন রান আউট দেখে ড্রেসিংরুমে রাগে টুপি খুলে মাটিতে ফেলে দেন রোহিত শর্মা। সরফরাজ ৪৮ বলে অর্ধশতরান পূর্ণ করার পর রান আউট হন ৬৬ বলে ৬২ রান করে। এর পরের বলেই শতরান পূর্ণ করেন জাড্ডু। ১৯৮ বলে তিনি সেঞ্চুরি পেলেন সাতটি চার ও ২টি ছয়ের সৌজন্যে। শতরান পূর্ণ করার পরেও দেখা গেল সোর্ড সেলিব্রেশন।












Click it and Unblock the Notifications