IND vs ENG: রাজকোট টেস্টে বড় ধাক্কা খেল ভারত, অশ্বিনকে আর পাবেন না রোহিতরা, কারণটা উদ্বেগের
IND vs ENG: রাজকোট টেস্টে আর খেলতে পারবেন না রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের যে ২টি উইকেট আজ পড়েছে তার একটি দখল করে টেস্টে ৫০০তম শিকার ঝুলিতে পুরেছিলেন ভারতের ১ নম্বর অফ-স্পিনার।
কিন্তু কাল থেকে তাঁকে আর পাওয়া যাবে না। চোট সমস্যা নয়। পরিবারে আপদকালীন পরিস্থিতির কারণেই এই টেস্ট থেকে সরে দাঁড়ালেন তিনি।

করোনার মধ্যে আইপিএল চলাকালীন অশ্বিন স্ত্রী-সহ পরিবারের কয়েকজন কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সরে দাঁড়িয়েছিলেন। এবারও তাঁর পরিবারে কেউ গুরুতর অসুস্থ বলে মনে করা হচ্ছিল বিসিসিআইয়ের বার্তা থেকে। যেখানে জানানো হয়েছে, ফ্যামিলি ইমারজেন্সির কারণে চলতি টেস্টে অশ্বিন আর খেলবেন না। সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, অশ্বিন মায়ের অসুস্থতার খবর পেয়েই রাজকোট থেকে তড়িঘড়ি ফিরেছেন চেন্নাইয়ের। অশ্বিনের মায়ের আরোগ্য কামনা করেছেন রাজীব শুক্লা। বিসিসিআইয়ের বিবৃতিতে অশ্বিনের মায়ের অসুস্থতার উল্লেখ না থাকলেও তা জানা গিয়েছে শুক্লার টুইটেই।
Wishing speedy recovery of mother of @ashwinravi99 . He has to rush and leave Rajkot test to Chennai to be with his mother . @BCCI
— Rajeev Shukla (@ShuklaRajiv) February 16, 2024
কঠিন সময়ে অশ্বিনের বিসিসিআই ও ভারতীয় দল পাশে রয়েছে বলেও বোর্ডের বিবৃতিতে উল্লেখ। চ্যাম্পিয়ন ক্রিকেটার অশ্বিন ও তাঁর পরিবারকে সমস্ত রকমের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। ক্রিকেটার ও তাঁদের পরিজনদের সুস্থ ও ভালো থাকাকে সব সময় অগ্রাধিকার প্রদানের কথাও উল্লেখ করা হয়েছে।
বিরাট কোহলি যখন চলতি সিরিজ থেকে সরে দাঁড়ান ব্যক্তিগত কারণে, তখন তাঁর ব্যক্তিগত পরিসর নিয়ে জল্পনা করা থেকে বিরত থাকতে সকলকে অনুরোধ করেছিল বিসিসিআই। কঠিন সময়ে অশ্বিন ও তাঁর পরিবারের গোপনীয়তাকে ঠিক একইভাবে সম্মান জানানোর অনুরোধ করেছে বোর্ড।
যখনই প্রয়োজন হবে বিসিসিআই ও ভারতীয় দলের তরফে অশ্বিনকে সমস্ত সাহায্য করার বার্তাও অত্যন্ত গুরুত্ব সহকারে রাখা হয়েছে বোর্ডের বিবৃতিতে। এই স্পর্শকাতর সময়ে অশ্বিনের পাশে সহমর্মী সকলকেই থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অশ্বিন না থাকায় এখন দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়েই এই টেস্ট খেলতে হবে ভারতকে। একজন ব্যাটারও কমে গেল।
এই টেস্টে ভারত ১০ জন ক্রিকেটার নিয়ে খেলবে। একজন পরিবর্ত ফিল্ডার নামতে পারলেও তিনি ব্যাটিং বা বোলিং করতে পারবেন না। একমাত্র কনকাসন বা করোনা আক্রান্ত হয়ে কেউ খেলতে না পারলে তাঁর পরিবর্ত ব্যাটিং, বোলিং করতে পারেন।
অশ্বিন চলতি সিরিজে ভালো ফর্মেই রয়েছেন। বিশেষ করে ডাকেটকে থামাতে অশ্বিন বড় বাজি হতে পারতেন রোহিতের। সাত ইনিংসে তিনি ইংল্যান্ডের রাজকোট টেস্টে শতরানকারী ডাকেটকে পাঁচবার আউট করেছেন। হায়দরাবাদ টেস্টে অশ্বিন দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছিলেন। বিশাখাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন। আজ পান ১টি উইকেট। অশ্বিনের ব্যাটিংও মিস করবে ভারত।












Click it and Unblock the Notifications