IND vs ENG: কুম্বলের কীর্তি স্পর্শ থেকে চুরমার! রাঁচি টেস্টের পাঁচ উইকেটে রবিচন্দ্রন অশ্বিনের একাধিক নজির
IND vs ENG: রাঁচি টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস কার্যত একাই ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি পাঁচ উইকেট নিলেন। কুলদীপ যাদব পেলেন চারটি। কুলদীপের প্রশংসা শোনা গেল অশ্বিনের গলাতেও।
টেস্টে আরও একবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। কুম্বলের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।

দেশের মাটিতে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৩৫০টি উইকেট রয়েছে অনিল কুম্বলের। সেই কীর্তি ছাপিয়ে অশ্বিন আপাতত দাঁড়িয়ে ৩৫৪ উইকেটে। দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট উইকেটশিকারীদের তালিকায় তিনি রয়েছেন চারে। মুথাইয়া মুরলীধরন (৪৯৩), জেমস অ্যান্ডারসন (৪৩৪) ও স্টুয়ার্ট ব্রড (৩৯৮)-এর পরেই।
এই নিয়ে টেস্টে ৩৫ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিলেন অশ্বিন। এর মাধ্যমে তিনি ছুঁলেন কুম্বলের কীর্তি। কুম্বলে ও অশ্বিন টেস্টে ৩৫ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে রয়েছেন মুরলী (৬৭), শেন ওয়ার্ন (৩৭) ও রিচার্ড হ্যাডলির (৩৬)-এর পরেই। অশ্বিন যা ছন্দে তা মুরলীর পর দ্বিতীয় স্থানে ওঠা স্রেফ সময়ের অপেক্ষা।
দেশের মাটিতে এই নিয়ে ২৭ বার ইনিংসে পাঁচ উইকেট অশ্বিনের। এই নিরিখে তিনি বিশ্বে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রঙ্গনা হেরাথ ২৬ বার দেশের মাটিতে ইনিংসে টেস্টে পাঁচ উইকেট নেন। সেই নজির ছাপিয়ে অশ্বিন এখন মুরলীর (৪৫) পরেই।
টেস্টে বোলিং ওপেন করে এই নিয়ে ১৬ বার পাঁচ উইকেট দখল করলেন। যার মধ্যে ১৩ বার দেশের মাটিতে। বোলিং ওপেন করেছেন এমন ৫১ ইনিংসে তিনি ১৭০ উইকেট নিয়েছেন, গড় ১৯.০৯। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্টে অশ্বিনের উইকেট ৯১টি। কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে যা ভারতীয়দের মধ্যে সর্বাধিক।
টেস্ট ম্যাচের তৃতীয় ইনিংসে ১২ বার পাঁচ উইকেট দখল করলেন অশ্বিন। মুরলীধরন কোনও টেস্টের তিন নম্বর ইনিংসে ২১ বার পাঁচ উইকেট নিয়েছেন। কুম্বলে ও শেন ওয়ার্ন নিয়েছেন ১২ বার করে। অশ্বিনের আজ বয়স ৩৭ বছর ১৫৯ দিন। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সে টেস্টের কোনও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় অশ্বিন দ্বিতীয় স্থানে।
১৯৫৫ সালে ভিনু মাঁকড় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে পাঁচ উইকেট যেদিন নেন সেদিন তাঁর বয়স ছিল ৩৭ বছর ৩০৬ দিন। ভারতের ১২টি স্টেডিয়ামে অশ্বিন টেস্ট ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। দেশ-বিদেশ মিলিয়ে ১৯টি স্টেডিয়ামে। মুরলী ২৫টি, ওয়ার্ন ২০টি ও ওয়াসিম আক্রম ২০টি স্টেডিয়ামে টেস্টে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications