IND vs ENG: টেস্টে ৫০০ উইকেট দখল অশ্বিনের! মাইলস্টোন স্পর্শে নাম লেখালেন কোন তারকাদের সঙ্গে?
IND vs ENG: টেস্টে ৫০০ উইকেট ক্লাবে নাম লেখালেন রবিচন্দ্রন অশ্বিন। রাজকোট টেস্টে ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলিকে আউট করে এই মাইলস্টোন স্পর্শ ভারতের ১ নম্বর অফ-স্পিনারের।
অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় ক্রিকেটার তথা বিশ্বের নবম বোলার হিসেবে এই নজির অশ্বিনের। ইংল্যান্ড অবশ্য বাজবল রণকৌশলে ঝোড়োগতিতে রান তুলছে।

অশ্বিন কেরিয়ারের ৯৮তম টেস্টটি খেলছেন রাজকোটে। ইংল্যান্ড ইনিংসে তিনিই প্রথম আঘাত হেনেছেন। ভেঙেছেন ওপেনিং জুটি। জ্যাক ক্রলি ২টি চারের সাহায্যে ২৮ বলে ১৫ রান করে রজত পাটীদারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ফলে ১৩.১ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮৯।
টেস্টে সবচেয়ে বেশি ৮০০ উইকেট রয়েছে মুথাইয়া মুরলীধরনের (৮০০)। শেন ওয়ার্ন ৭০৮, জেমস অ্যান্ডারসন ৬৯৬, অনিল কুম্বলে ৬১৯, স্টুয়ার্ট ব্রড ৬০৪, গ্লেন ম্যাকগ্রা ৫৬৩, কোর্টনি ওয়ালশ ৫১৯ ও নাথান লিয়ঁর ৫১৭টি উইকেট রয়েছে। ভারতীয় পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেট কপিল দেবের (৪৩৪)।
ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে ভারত তৃতীয় টেস্ট খেলছে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে এই প্রতিবেদন লেখা অবধি অশ্বিন ১টি উইকেট পেয়েছেন। বাকি ৯টি উইকেটের মধ্যে আরও কিছু পেতে পারেন নিশ্চিতভাবেই। দ্বিতীয় ইনিংস থাকবে। এরপর আরও দুটি টেস্ট রয়েছে। ফলে লিয়ঁর সঙ্গে ব্যবধান কমাতে পারার সুযোগ পাবেন অশ্বিন।
অশ্বিন দেশের মাটিতে ৫৮তম টেস্ট খেলছেন। তাঁর উইকেট সংখ্যা ৩৪৭। অস্ট্রেলিয়ায় ৩৯, বাংলাদেশে ১২, ইংল্যান্ডে ১৮, নিউজিল্যান্ডে ৩, দক্ষিণ আফ্রিকায় ১১, শ্রীলঙ্কায় ৩৮ ও ওয়েস্ট ইন্ডিজে ৩২টি উইকেট রয়েছে অশ্বিনের। ফলে বিদেশের মাটিতে ৩৯ টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১৪৯।
নিরপেক্ষ কেন্দ্রে সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ২০২১ সালে চারটি উইকেট নিয়েছেন। চলতি বছরে এখনও অবধি টেস্টে ১০টি শিকার ঝুলিতে পুরেছেন অশ্বিন। এদিন অশ্বিন ব্যাট হাতে ৩৭ রান করেন।
এদিকে, প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে শেষ পাওয়া খবরে ইংল্যান্ড ২৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে। বেন ডাকেট ২০টি চার ও একটি ছয়ের সাহায্যে ৮৯ বলে ১০৬ রান করে অপরাজিত আছেন। অলি পোপ ৪০ বলে ২০ রান করে ব্যাট করছেন। ডাকেট ৩৯ বলে ৫০ ও ৮৮ বলে শতরান পূর্ণ করেছেন। একটা সময় ইংল্যান্ডের রান রেট ছিল ছয়ের উপর।












Click it and Unblock the Notifications