IND vs ENG: রাহুলকে গুরুদায়িত্ব থেকে সরালেন দ্রাবিড়, ইংল্যান্ডের বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজি বদলাচ্ছে ভারত?
IND vs ENG: বৃহস্পতিবার থেকে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। দেশের মাটিতে ঘূর্ণি পিচে খেলা। ফলে স্ট্র্যাটেজি বদলাচ্ছে ভারত।
দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের সিরিজে লোকেশ রাহুল উইকেটকিপিং করেছিলেন। কিন্তু আসন্ন পাঁচ টেস্টের সিরিজে রাহুলকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলানো হবে না। সাফ জানালেন হেড কোচ রাহুল দ্রাবিড়।

দ্রাবিড় আজ হায়দরাবাদে বলেন, দল নির্বাচনের এই বিষয়ে আমরা স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি। আরও দু-জন উইকেটকিপার দলে রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় রাহুল অবশ্যই খুব ভালো কিপিং করেছেন। সিরিজ ড্র করার ক্ষেত্রেও তিনি অবদান রেখেছেন। কিন্তু ইংল্যান্ড সিরিজে তিনি কিপিং করবেন না।
এর সঙ্গেই রাহুল যোগ করেন, ভারতে যে কন্ডিশনে খেলা হবে সে কথা মাথায় রেখেই বাকি দুই উইকেটকিপার-ব্যাটারের মধ্যে একজনকে খেলানো হবে। দ্রাবিড়ের এই কথা থেকেই ইঙ্গিত মিলছে, টার্নিং ট্র্যাক দিয়েই ইংল্যান্ডের বাজবলের মোকাবিলা করতে চাইছে ভারত। দুই দেশের কাছেই এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতে যে পিচগুলিতে টেস্ট খেলা হয় তার সিংহভাগই হয় ঘূর্ণি উইকেটে। ফলে স্পিনাররা যখন বল করেন তখন উইকেটকিপারকে স্টাম্পের খুব কাছে দাঁড়াতে হয়। ফলে এই ধরনের পিচে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা যতটা বল ঘোরান তার জন্য বিশেষজ্ঞ উইকেটকিপারই যে জরুরি সেটা উপলব্ধি করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ঋষভ পন্থ দুর্ঘটনার কবলে পড়ার পর কেএস ভরত গত বছর অস্ট্রেলিয়া সিরিজে উইকেটকিপিং করেছিলেন। অজিদের বিরুদ্ধেই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনিই ছিলেন উইকেটরক্ষকের ভূমিকায়। তবে ভারতের হয়ে ব্যাট হাতে সেভাবে দলকে ভরসা দিতে পারেননি ভরত।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে উইকেটকিপার হিসেবে খেলানো হয়েছিল ঈশান কিষাণকে। তবে হায়দরাবাদ টেস্টে ভরতের খেলার সম্ভাবনাই বেশি। সম্প্রতি আমেদাবাদে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনি দ্বিতীয় ইনিংসে ১১৬ রানে অপরাজিত ছিলেন। এর আগে প্রথম ম্যাচে একটি অর্ধশতরানও করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ভরত ৯৪টি ম্যাচ খেলেছেন, যার সিংহভাগই এ দেশে। প্রথম শ্রেণির ক্রিকেটে ভরত ৩১৫টি ক্যাচ ধরেছেন, ৩৭টি স্টাম্প আউট করেছেন। টেস্টে তাঁর ক্যাচের সংখ্যা ১২, স্টাম্পিং ১টি। উত্তরপ্রদেশের ধ্রুব জুরেলের বয়স ২৩। তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচে ৩৪টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিংয়ের সংখ্যা ২। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান রয়েছে।












Click it and Unblock the Notifications