IND vs ENG: ভারতীয় দল খেল বিরাট ধাক্কা, ছিটকে গেলেন নীতীশ কুমার রেড্ডি, টি২০ দলে যোগ দিচ্ছেন দুবে
IND vs ENG: চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ সিরিজে ভারতীয় দলে পরিবর্তন অবশ্যম্ভাবী। গতকাল ফিল্ডিং করতে গিয়ে গোড়ালি মচকে অনিশ্চিত অভিষেক শর্মা।
এবার সাইড স্ট্রেইনের কারণে ছিটকে গেলেন নীতীশ কুমার রেড্ডিও। তৃতীয় টি২০ আন্তর্জাতিকের আগে দলের সঙ্গে যোগ দেবেন শিবম দুবে।

নীতীশ গতকালই চেন্নাইয়ে অনুশীলনে চোট পান। যা তাঁকে ছিটকে দিল সিরিজ থেকেই। নীতীশকে বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। জানা গিয়েছে, নীতীশের যে চোট তাতে তাঁকে চার সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে চলতি টি২০ সিরিজে তিনি আর খেলতে পারবেন না। ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ আন্তর্জাতিকে খেললেও নীতীশকে বল বা ব্যাট করতে হয়নি।
এই পরিস্থিতিতে অভিষেক যদি না খেলেন তাহলে আজ ভারতকে ওপেনিং জুটি বদলাতে হবে। সঞ্জু স্যামসনের সঙ্গে তিলক বর্মা বা সূর্যকুমার যাদব ওপেন করতে পারেন। আবার খেলানো হতে পারে ধ্রুব জুরেলকেও।
আজ খেলতে পারবেন না রিঙ্কু সিংও। কলকাতায় প্রথম টি২০ আন্তর্জাতিকে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রিঙ্কু সিং। লোয়ার ব্যাক স্প্যাজমের কারণে তিনি দ্বিতীয় ও তৃতীয় টি২০ আন্তর্জাতিকে খেলতে পারবেন না। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর উপর নজর রাখছে। দলে শিবম দুবে ছাড়াও ডাকা হয়েছে রামনদীপ সিংকে।
মহম্মদ শামি গতকাল পুরোদমে অনুশীলন করলেও চেনা ছন্দে ছিলেন না। এই পরিস্থিতিতে নীতীশ ছিটকে গেলে শামিকে খেলানো হতে পারে। আবার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকেও খেলানোর সম্ভাবনা। বিষয়টি স্পষ্ট হবে কিছুক্ষণের মধ্যেই।
শিবম দুবে মুম্বইয়ের হয়ে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলছিলেন। তিনি নীতীশের মতো মিডিয়াম পেসার, ব্যাটিংও করতে পারেন। শিবমকে তাই তৃতীয় টি২০ আন্তর্জাতিকে দেখা যেতেই পারে। শিবম ভারতের হয়ে খেলেছেন গত বছর অগাস্টে। শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে।
যদিও পিঠের চোটের কারণে তিনি বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টি২০ সিরিজে খেলতে পারেননি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রত্যাবর্তন করেন। ৫ ইনিংসে ১৫১ রান করেছিলেন ১৭৯.৭৬ স্ট্রাইক রেট রেখে। তিনটি উইকেটও পান।
ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য শিবম দেশের হয়ে ৩৩টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ১৩৫-এর কাছাকাছি স্ট্রাইক রেট রেখে ৪৪৮ রান করেছেন, ১১টি উইকেট পেয়েছেন। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে শিবম দুই ইনিংসেই শূন্য রানে আউট হন। মুম্বই ম্যাচটি হেরেছে ৫ উইকেটে। এই ম্যাচে ১টি উইকেট পেয়েছেন শিবম।
ভারতের টি২০ দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, শিবম দুবে, রামনদীপ সিং।












Click it and Unblock the Notifications