IND vs ENG: দেশের হয়ে খেলার খিদে কখনও কমে না... প্রিয় ইডেনেই প্রত্যাবর্তনের অনুভূতি প্রকাশ শামির
২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর চোট কাটিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় প্রত্যাবর্তন ঘটছে মহম্মদ শামির। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী বুধবার প্রিয় ইডেনেই প্রায় দেড় বছর পর ভারতীয় দলের জার্সিতে মাঠে নামতে চলেছেন শামি। রবিবার থেকেই ভারতীয় দলের সঙ্গে পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছেন শামি। সোমবার সন্ধ্যায় সিএবির একটি অনুষ্ঠানে যোগ দেন শামি। সেখানেই প্রত্যাবর্তনের অনুভূতি জানালেন ভারতীয় দলের তারকা পেসার।
সোমবার অনূর্ধ্ব ১৫ ভারতসেরা মহিলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, মিতালি রাজের সঙ্গে এক মঞ্চে দেখা গেল মহম্মদ শামিকে। এই অনুষ্ঠানে সঞ্চালক শামিকে প্রশ্ন করেন জীবনে ইতিমধ্যেই প্রায় সব কিছু অর্জন করে ফেলেছন, এরপর জাতীয় দলের জার্সিতে ফিরে আসার অনুভূতিটা কেমন?

এই প্রশ্নে শামি বলেন, জীবনে অনেক কিছু অর্জন করলেও একজন ক্রিকেটারের কাছে দেশের হয়ে খেলার খিদে কিছুতেই কমে না। এই ভালোবাসাটই ফিরে আসার অনুপ্রেরণা দেয়। চোট ১০ বার লাগতে পারে। এখানে দাদা আছেন তিনি অনেক ক্রিকেটারদের দেখেছেন। কিন্তু যে ক্রিকেটাররা দেশের জন্য বা রাজ্যের হয়ে খেলেন তাদের মনের মধ্যে এটা কখনও আসে না যে চোট পাওয়ার পর খেলাকে বিদায় জানাই। আমি কতগুলি ম্যাচ খেললাম সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে একবার খেলাকে বিদায় জানালে আর তো দ্বিতীয়বার সুযোগ পাব না।
একইসঙ্গে শামি বলেন, আমার মতো যারা পরিশ্রম করেন তারা জানে চোট পাওয়ার পরও ঠিক ফিরে আসতে পারবে। আর নীল জার্সির তো কোনও তুলনাই নেই। কারণ ওটা আলাদা অনুভূতি। চোট পেয়ে বাইরে থাকতে হলে আপনাদের মতো আমাাকেও টিভিতেই খেলা দেখতে হয়। টি২০ বিশ্বকাপও তাই হয়েছিল। কিন্তু টিভিতে দলের খেলা দেখার সময় কোনও ভুল চোখে পড়লে সেটা বলার উপায় থাকে না। যেটা মাঠে থাকে।
ইডেনে প্রত্যাবর্তন প্রসঙ্গে শামি বলেছেন, কলকাতা আমার কাছে খুব প্রিয় একটা শহর। আগেই বলেছি আমি জন্মেছি উত্তরপ্রদেশে কিন্তু বড় হয়েছি বাংলায়। আজ আমি এই মঞ্চে দাদা সহ বাকিদের সঙ্গে থাকতে পেরেছি শুধু মাত্র বাংলার জন্য, এই মাঠে আমি খেলতে পেরেছি। বাংলা আমাকে খেলার সুযোগ দিয়েছি, আমি শুধু সততার সঙ্গে খেলেছি। তাই দেশের জন্য খেলতে পেরেছি। আশা করি তোমরাও একদিন দেশের হয়ে খেলবে। সেই খেলার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।
শামি ফেরায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, খুব ভালো লাগছে ফিট শামিকে দেখে। চ্যাম্পিয়্ন্স ট্রফিতে ও আর বুমরাহ দুই প্রান্ত থেকে বল করবে সেটা দলের বোলিংকে আরও শক্তিশালী করবে।












Click it and Unblock the Notifications