Mohammed Shami: টিম হোটেলে ঘুড়ি ওড়ালেন শামি, ইডেনে প্রথমবার T20I খেলার আগে জানালেন কঠিন সময়ের উপলব্ধি
Mohammed Shami: মহম্মদ শামি এবারও কলকাতায় এসে বলেছেন, তাঁর জন্ম উত্তরপ্রদেশে হলেও যেখানে পৌঁছেছেন তাতে অবদান রয়েছে এই শহরের, এই বাংলার। আজ ইডেনে শামির আন্তর্জাতিক ক্রিকেটের কামব্যাক ম্যাচ।
২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে ভোগাচ্ছিল গোড়ালির চোট। অপারেশনের পর দীর্ঘ রিহ্যাব। তাতেও হাঁটুর সমস্যা যুক্ত হয়। অবশেষে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পর আজ টি২০ আন্তর্জাতিকে নামবেন শামি।

২০২২ সালের নভেম্বরে খেলেছেন শেষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ। ফলে দুই বছরেরও বেশি সময় পর আজ শুধু দেশের হয়ে টি২০ ম্যাচ খেলবেন না, পেস বোলিং বিভাগকে নেতৃত্বও দেবেন। বিসিসিআইকে দেওয়া ইন্টারভিউয়ে দেখা গেল, বাইপাসের ধারের হোটেলের ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছেন শামি। ১৫ বছর পর।
শামির কথায়, ঘুড়ি ওড়ানোর ভারসাম্যের সঙ্গে ক্রিকেটের মিল আছে। ক্রিজে সেট হলে রান করা যায়। উইকেটও মেলে, ছন্দটাই বড় বিষয়। ঘুড়ি ওড়ানো হোক বা গাড়ি চালানো- যদি মানসিকভাবে কেউ শক্তিশালী হয়, নিজের উপর বিশ্বাস থাকে তাহলে কোনও কিছুতেই সমস্যা হয় না। আগে ঘুড়ি ওড়াতাম। পরে হাতে ক্রিকেট বল এলো। তারপরও ১৫ বছর পর ঘুড়ি ওড়াতে পারছি। যে কোনও কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বিষয়।
শামি আরও বলেন, যখন কেউ রান করে বা উইকেট নেয়, তখন সকলে তার সঙ্গে থাকে। কিন্তু কঠিন সময়ে কারা পাশে থাকল সেই উপলব্ধিই আসল পরীক্ষা। আমি একটা বছর অপেক্ষা করেছি। কঠোর পরিশ্রম করেছি। এমনও সময় কেটেছে যখন দৌড়াতেও ভয় লাগতো।
ভারতীয় পেসারের কথায়, পুরো ছন্দে থাকাকালীন চোট পাওয়া যে কোনও ক্রিকেটারের কাছেই কঠিন। এনসিএতে রিহ্যাবের জন্য যেতে হয়, তারপর কামব্যাক। যখন চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই চালাতে হয় তখন একজন ক্রীড়াবিদ আরও শক্তিশালী হয়ে ওঠেন। মানসিকভাবে শক্তিশালী থাকার জন্য অনেক কিছু বারবার করতে হয়।
After testing times & a long wait, he is back to don the blues 💙
— BCCI (@BCCI) January 22, 2025
For Mohd. Shami, it's only "UP & UP" 👆🏻 from here on
WATCH 🎥🔽 #TeamIndia | #INDvENG | @MdShami11 | @IDFCFIRSTBank https://t.co/V03n61Yd6Y
শামি কঠিন সময় কাটিয়ে এসে উপলব্ধি করছেন, যদি কেউ কঠোর পরিশ্রম করেন তার সুফল মিলবেই। কেউ পড়ে গেলে উঠে দাঁড়িয়ে ফের হাঁটতে শুরু করেন। ক্রিকেটেও ব্যাপারটা তেমনই। চোট লাগলে কামব্যাক করতেই হবে দেশের জন্য, দলের জন্য। ফলে লড়াই এবং বিকাশের ধারা বজায় থাকাই স্বাভাবিক।
উল্লেখ্য, শামির ২০১৪ সালে টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। এখনও অবধি ২৩টি ম্যাচে উইকেট রয়েছে তাঁর। ইডেনে এই প্রথম কোনও টি২০ আন্তর্জাতিক খেলবেন শামি। দেশের মাটিতে খেলেছেন একটিই ম্যাচ। ২০১৯ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications