IND vs ENG: ইডেনে প্রস্তুতি শুরু ভারতের, গম্ভীর-মরকেলের সঙ্গে আলোচনা থেকে অনুশীলনে কী কী করলেন শামি?
শীতের শহরে ক্রিকেট কার্নিভাল। আগামী ২২শে জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে নামছে ভারতীয় দল। রবিবার থেকেই ভারতীয় দলের প্রস্তুতি শুরু হয়ে গেল। প্রথম দিনের অনুশীলনে ফোকাসে ছিলেন একজনই তিনি মহম্মদ শামি। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় আবার প্রত্যাবর্তন করতে চলেছেন বাংলা দলের পেসার।
রবিবার দীর্ঘ দিন পর ভারতীয় দলের জার্সিতে ফের অনুশীলন করলেন শামি। ইডেনে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত ক্যামেরার ফোকাস ছিল তাঁরই দিকে। এর আগে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে তিনটি ফর্মাটেই খেলেছেন কিন্তু তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা অব্যাহত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরো ফিট হয়ে উঠেছেন শামি। একদিনের সিরিজে আগে শামির ফিটনেস দেখে নিতে টি২০ সিরিজের দলে রেখেছেন নির্বাচকরা।

রবিবার বিকেলে চারটের একটু পর ইডেনে প্রবেশ করে ভারতীয় দল। বাকি পুরো দলই অনুশীলন করেন। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে অনুশীলন। ভারতীয় দলের অনুশীলনে এদিন অনুপস্থিত ছিলেন একমাত্র অর্শদীপ সিং। ভারতীয় দলের অনুশীলন ইডেনে হচ্ছিল মূলত হাইকোর্ট ভবন প্রান্তের দিকে। এই সিরিজে ভারতীয় দলে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছে সীতাংশ কোটাককে। তিনিও ইডেনের অনুশীলনে উপস্থিত ছিলেন। সূর্য-তিলক বর্মাদের নিয়ে আলাদা করে ক্লাসও করলেন সীতাংশ।
রবিবার ভারতীয় দলের কোনও প্রতিনিধি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি। রবিবার কোনও অনুশীলন ছিল না ইংল্যান্ড দলের।প্রায় তিন বছর পর ইডেন গার্ডেন্সে আন্তর্জাতিক টি২০ আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর আবার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে ইডেনে। ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, সিএবি পুরোপুরি তৈরি আছে। ইতিমধ্যে ম্যাচে ৯৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। গ্যাালারি পুরো হাউসফুল থাকবে।












Click it and Unblock the Notifications