IND vs ENG: কুলদীপেই কুপোকাত! ভারতীয় স্পিনারদের দাপটে ধরমশালায় নাস্তানাবুদ ইংল্যান্ডের বাজবল
IND vs ENG: ধরমশালাতেও মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের বাজবল। রোহিত শর্মার দলের স্পিনারদের দাপটে অসহায় আত্মসমর্পণ বেন স্টোকস-বাহিনীর। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড।
টেস্টে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন কুলদীপ যাদব। শততম টেস্টে এখনও অবধি ২টি উইকেট ঝুলিতে পুরেছেন রবিচন্দ্রন অশ্বিন।

হায়দরাবাদ টেস্ট জিতে সিরিজের শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। যদিও বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচি টেস্ট জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলে ভারত। রোহিতরা খেলছেন ৪-১ করার লক্ষ্যে, সিরিজ হার ব্যবধান কমিয়ে কিছুটা মুখরক্ষা করার লড়াই ইংল্যান্ডের। যদিও আপাতত অ্যাডভান্টেজ ভারত।
ইংল্যান্ডের ওপেনিং জুটিতে ১৮ ওভারে ওঠে ৬৪। দ্বিতীয় উইকেট পড়ে ২৫.৩ ওভারে ১০০ রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে আর কোনও উইকেট হারায়নি ইংল্যান্ড। লাঞ্চের পর ৩৭.২ ওভারে ১৩৭ রানে পড়ে তৃতীয় উইকেট। এরপর ৪৩.৪, ৪৪.২ ও ৪৫.৪ ওভারে ১৭৫ রানের মাথায় চতুর্থ থেকে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।
৫০তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ১৮৩ রানে ইংল্যান্ডের সপ্তম ও অষ্টম উইকেটের পতন ঘটেছে। ফলে মাত্র ৮ রান ওঠার ফাঁকে পাঁচ উইকেট খুইয়ে বেকায়দায় পড়ে গিয়েছে ইংল্যান্ডের বাজবল থিয়োরি। সিরিজ শেষ হতে চলল, এখনও ভারতীয় স্পিনারদেরই সঠিকভাবে সামলানো শিখল না ইংল্যান্ড। তাও টেস্টের প্রথম দিনেই।
জ্যাক ক্রলি, বেন ডাকেট ও অলি পোপ- ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারই কুলদীপের শিকার। এ ছাড়াও শততম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকসকে ফেরান কুলদীপ। রবীন্দ্র জাদেজা পেয়েছেন জো রুটের উইকেট। অশ্বিন আউট করেছেন টন হার্টলি ও মার্ক উডকে।
১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০৮ বলে ৭৯ রান করেন ক্রলি। ডাকেট ২৭, পোপ ১১, রুট ২৬ ও বেয়ারস্টো ২৯ রানে আউট হন। স্টোকস ০, ফোকস ৫, হার্টলি ৬ ও উড ০ রানে সাজঘরে ফিরেছেন। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৫৫ ওভারে ৮ উইকেটে ১৯৪। বেন ফোকস ও শোয়েব বশির ক্রিজে রয়েছেন।
মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ২৫.৩ ওভারে ২ উইকেটে ১০০। ফলে দ্বিতীয় সেশনে ৬ উইকেট খুইয়ে ৯৪ রান তুলেছে ইংল্যান্ড। কুলদীপ ১টি মেডেন-সহ ১৫ ওভারে ৭২ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেছেন। অশ্বিন ১টি মেডেন-সহ ১০ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট ঝুলিতে পুরেছেন। জাদেজার ১০ ওভারে ২টি মেডেন, ১৭ রান খরচ করে তিনি পেয়েছেন ১টি উইকেট।












Click it and Unblock the Notifications