IND vs ENG: কুলদীপের ৫, অশ্বিনের ৪ শিকার! ধরমশালা টেস্টে ইংল্যান্ডকে ২১৮ রানে গুটিয়ে দিল ভারত
IND vs ENG: ধরমশালা টেস্টে ইংল্যান্ডকে ২১৮ রানেই থামিয়ে দিল ভারত। দ্বিতীয় সেশনে পড়ে ৬ উইকেট। এরপর চা বিরতির কিছু সময় পরেই শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস।
কুলদীপ যাদব নিলেন পাঁচ উইকেট। শততম টেস্টে চার উইকেট দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন। এরপরই দেখা গেল এক অনন্য সৌজন্য।

সাধারণভাবে কোনও ইনিংসে বা কোনও সেশনে যিনি সেরা পারফর্মার হন ড্রেসিংরুমে ফেরার সময় তাঁকেই এগিয়ে দেওয়া হয়। আজ খেলা শুরুর আগে শততম টেস্ট খেলতে নামা অশ্বিনকে গার্ড অব অনার দিয়েছিলেন সতীর্থরা। ইংল্যান্ডের ইনিংস শেষ হতেই অশ্বিনের কাছে বিশেষ অনুরোধ নিয়ে হাজির হন কুলদীপ ও মহম্মদ সিরাজ।
অ্শ্বিনকে তাঁরা বলেন,যেহেতু তাঁর শততম টেস্ট তাই ড্রেসিংরুমে ফেরার সময় তাঁকেই সামনে থাকার জন্য। অশ্বিন রাজি হননি। তিনি বলেন, যেহেতু কুলদীপই সেরা পারফর্মার, ফলে তারই সামনে থাকা উচিত। শেষে অশ্বিনের কথাই সকলে রক্ষা করেন। খানিকটা নিমরাজি হয়েও সতীর্থদের সামনে থেকেই বলটি উঁচু করে ধরে মাঠ ছা়ড়েন কুলদীপ।
এই সৌজন্য নিশ্চিতভাবেই মনে রাখার মতো। আরও একবার প্রতিপক্ষ ইনিংসের সব কটি উইকেটই স্পিনাররা দখলে নিলেন। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ইংল্যান্ড। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ২৫.৩ ওভারে ২ উইকেটে ১০০।
চা বিরতিতে সেই স্কোর পৌঁছয় ৫৫ ওভারে ৮ উইকেটে ১৯৪ রানে। চা বিরতির পর বাকি দুটি উইকেট তুলে নিতে ২.৪ ওভার লাগে ভারতের। ৫৭.৪ ওভারে ২১৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি সর্বাধিক ৭৯ রান করেন। বেন ডাকেট ২৭, অলি পোপ ১১, জো রুট ২৬, জনি বেয়ারস্টো ২৯ ও বেন ফোকস ২৪ রান করেন।
অধিনায়ক বেন স্টোকস ৬ বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন। টম হার্টলি ৬, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন ০ রানে আউট হন। শোয়েব বশির অপরাজিত থাকেন ১১ রান করে। কুলদীপ ১টি মেডেন-সহ ১৫ ওভারে ৭২ রান খরচ করে পাঁচ উইকেট দখল করেন।
শততম টেস্টে অশ্বিনের বোলিং ফিগার ১১.৪ ওভার ১ মেডেন ৫১ রানের বিনিময়ে চার উইকেট। এই নিয়ে ২৫ বার ইনিংসে চার উইকেট দখল করলেন তিনি। ২টি মেডেন-সহ ১০ ওভারে ১৭ রান দিয়ে রবীন্দ্র জাদেজা ১ উইকেট নেন। জসপ্রীত বুমরাহর ১৩ ওভারে ২টি মেডেন, ৫১ রান দিয়ে কোনও উইকেট পাননি। ১টি মেডেন-সহ ৮ ওভারে ২৪ রান দিয়ে মহম্মদ সিরাজও কোনও উইকেট দখল করতে পারেননি।












Click it and Unblock the Notifications