IND vs ENG: দক্ষিণ আফ্রিকা সফরের সাফল্যেই অক্সিজেন! ইংল্যান্ড সিরিজে নতুন ভূমিকায় লোকেশ রাহুল
IND vs ENG: লোকেশ রাহুলের কেরিয়ার নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে দিল দক্ষিণ আফ্রিকা সফর। সেঞ্চুরিয়ন টেস্টে কঠিন পরিস্থিতিতে দুরন্ত শতরানের সৌজন্যে আপাতত দলে জায়গা পাকা করে নিয়েছেন রাহুল।
২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। পাঁচ টেস্টের সিরিজের প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। তাতেই রাহুলের ভূমিকা বদলানোর আভাস মিলেছে।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে লোকেশ রাহুল খেলেন উইকেটকিপার-ব্যাটার হিসেবে। খাদের কিনারায় চলে যাওয়া কেরিয়ারকে ট্র্যাকে ফিরিয়েছে প্রথম টেস্টে দলের সতীর্থদের ব্যাটিং ব্যর্থতা ঢেকে দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ১০১ রানের ইনিংস। এই ইনিংসটি তিনি না খেলতে পারলে প্রথম টেস্টে ভারতের জয়ের ব্যবধান আরও বাড়তো।
ভারতীয় নির্বাচকরা প্রথম যে দুটি টেস্টের দল ১২ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে ঘোষণা করেছেন তাতে লোকেশ রাহুলের সঙ্গে রয়েছে কেএস ভরত ও ধ্রুব জুরেলের নাম। ধ্রুব এই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। ব্রাত্য রাখা হয়েছে ঈশান কিষাণকে। রাহুল, ভরত ও জুরেল- তিনজনই উইকেটকিপিং করতে পারেন।
এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কে উইকেটের পিছনে দাঁড়াবেন তা নিয়ে শুরু হয় জোর চর্চা। বিসিসিআইয়ের সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আসন্ন সিরিজে রাহুল খেলবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই। বিদেশের মাটিতে পেসাররা বেশি বল করেন। কিন্তু ভারতের উইকেটগুলিতে স্পিনারদের বোলিংয়ে কিপিং করা সহজ নয়।
সে কারণেই বিশেষজ্ঞ উইকেটকিপারকেই খেলানো উচিত বলে মনে করছেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট। ফলে ভরতের খেলার সম্ভাবনাই প্রবল। রাহুল যেভাবে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন তাতে তাঁকে আর একাদশের বাইরে থাকতেও হবে না। স্পিন সহায়ক উইকেটে কোনও বল অনেকটা ঘুরতে পারে, হঠাৎ লাফিয়ে উঠতে পারে। সে কারণেই বিশেষজ্ঞ কিপারই দরকার।
গত মে মাসে রাহুলের উরুতে অস্ত্রোপচার হয়েছিল। তিনি দলের নির্ভরযোগ্য ব্যাটার। সেই সঙ্গে কিপিং করতে গিয়ে কোনও ধরনের চোট লাগলে তা ভারতীয় দলকে সমস্যায় ফেলতেই পারে। সে কথা মাথায় রেখেই তাঁকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে। ভরত ব্যাট হাতে টেস্টে ভরসা দিতে না পারলেও তিনিই প্রথম টেস্টে কিপিং করবেন, এটা কার্যত নিশ্চিত।
ঈশান কিষাণ ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন বোর্ডের কাছে। ব্যক্তিগত কারণের কথা জানিয়েছিলেন। কিন্তু এখনও তিনি দেশের হয়ে খেলার জন্য যে ফের প্রস্তুত, সে কথা জানাননি। তাই তাঁর নাম বিবেচিত হয়নি। ২০২২ সালে বাংলাদেশে শেষবার টেস্ট খেলা কুলদীপ যাদবকে টেস্ট দলে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications