IND vs ENG: লোকেশ রাহুল ছিটকে গেলেন শেষ টেস্ট থেকে, ফিরলেন জসপ্রীত বুমরাহ, কে খেলবেন রঞ্জিতে?
IND vs ENG: ধরমশালা টেস্ট থেকে প্রত্যাশিতভাবেই ছিটকে গেলেন লোকেশ রাহুল। আগে বিসিসিআই জানিয়েছিল, ফিট থাকলে রাহুল সিরিজের শেষ টেস্টটি খেলতে পারবেন।
যদিও সেটা সম্ভব হচ্ছে না। রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহকে। তিনি ফিরলেন শেষ টেস্টের দলে।

লোকেশ রাহুল যদি ধরমশালা টেস্টে খেলতে পারতেন তাহলে প্রথম একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা ছিল রজত পাটীদারের। যদিও শেষ টেস্টে তাঁর জায়গায় দেবদত্ত পাড়িক্কলকে দেখে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। রজতকে রঞ্জি সেমিফাইনালে পেতে চেয়েছিল মধ্যপ্রদেশ।
রজতকে শেষ টেস্টের জন্য বিবেচনা না করা হলে তাঁকে যাতে রঞ্জি সেমিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে পাওয়া যায় সেজন্য তদ্বির শুরু করেছিল মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। কিন্তু রজতকে রেখে দেওয়া হয়েছে শেষ টেস্টের দলে। ছাড়়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।
রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজারা যে ফর্মে রয়েছেন তাতে সুন্দরের জায়গা হচ্ছিল না। তিনি তামিলনাড়ুর হয়ে মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে নামবেন। পাঁচদিন ধরে চললে রঞ্জি সেমিফাইনাল শেষ হবে মার্চের ৬ তারিখ, বা টেস্ট শুরুর আগের দিন। জরুরি প্রয়োজন হলে তবেই টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন সুন্দর।
রাহুলের চোট সম্পর্কে জানানো হয়েছে, তাঁর উপর বিসিসিআইয়ের মেডিক্যাল টিম নজর রাখছে। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন রাহুল। লন্ডনেই গোড়ালির অস্ত্রোপচারের পর মহম্মদ শামির আরোগ্য লাভের প্রক্রিয়া সন্তোষজনক বলে জানিয়েছে বিসিসিআই। শীঘ্রই তিনি রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর এনসিএতে যাবেন।
পঞ্চম টেস্টের ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাটীদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।












Click it and Unblock the Notifications