IND vs ENG: ভারতীয় দলে যোগ দিতে তারকার গড়িমসি! রাজকোটে পিচের চরিত্র বদলে গেল কয়েক ঘণ্টাতেই
IND vs ENG: রাজকোটে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আজ সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারলেন ভারতীয় ক্রিকেটাররা।
যদিও একজনের অনুপস্থিতি নিয়ে দিনভর চর্চা চলল। তিনি হলেন জসপ্রীত বুমরাহ। দিন দশেকের বিশ্রামের পরও তিনি সময়মতো দলের সঙ্গে যোগই দিতে পারলেন না।

ভারতের ঠাসা ক্রীড়াসূচি, সেই সঙ্গে মার্চে অনুষ্ঠেয় আইপিএলের কথা মাথায় রেখে দেশের ১ নম্বর পেসার জসপ্রীত বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে জানা গিয়েছিল, রাজকোট টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে মনে করা হচ্ছে, চতুর্থ টেস্টে বিশ্রাম দিয়ে তাঁকে পঞ্চম টেস্টে খেলানো হবে।
যদিও বুমরাহ ছুটির মেজাজেই রয়েছেন। সূত্রের খবর, আজ রাতের মধ্যে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। টেস্ট শুরুর আগে কালই শেষ প্র্যাকটিস সেশন রয়েছে ভারতের। তাতে বুমরাহ যোগ দেবেন বলেই জানা যাচ্ছে। রাজকোটে ভারতীয় দল রয়েছে ১১ ফেব্রুয়ারি থেকে। বুমরাহ কেন দেরি করলেন তা স্পষ্ট নয়।
বুমরাহ যে ছন্দে রয়েছেন তাতে একটি বা দুটো প্র্যাকটিস সেশন মিস করা বড় বিষয় নয়। কিন্তু তিনি দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে বিসিসিআই বা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছেন কিনা তা জানা যায়নি। তৃতীয় টেস্টে বুমরাহই ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন।
রবীন্দ্র জাদেজা আজ অনুশীলন করেছেন। ফলে একাদশে তাঁর ফেরার সম্ভাবনা উজ্জ্বল। এই প্রসঙ্গে ভারত চার বিশেষজ্ঞ বোলারে নামতে পারে। হায়দরাবাদ টেস্টে খেলা মহম্মদ সিরাজকে বসিয়ে বিশাখাপত্তনমে দ্বিতীয় পেসার হিসেবে ভারত খেলিয়েছে মুকেশ কুমারকে। এই টেস্টে সিরাজ ফিরতে পারেন।
বিরাট কোহলি, লোকেশ রাহুল না থাকায় ভারতীয় ব্যাটিং লাইন আপে অভিজ্ঞতার অভাব পরিকলক্ষিত হচ্ছে। ফলে একজন অতিরিক্ত ব্যাটার একাদশে নেওয়া হতে পারে। ভারত দুটি টেস্টেই খেলেছে পাঁচ বোলার নিয়ে, ইংল্যান্ড চার বোলার নিয়ে খেলেছে দুটি টেস্টে।
পাঁচ না চার বোলার নিয়ে দল নামবে তা রোহিত শর্মাই ঠিক করবেন বলে খবর। সকালে পিচে ঘাসের আভা দেখা গেলেও পরের দিকে পিচ শুষ্ক দেখিয়েছে। রীতি মনে পাটা এবং স্লো টার্নার হতে পারে রাজকোটের পিচ। ভারতীয় দলের পছন্দকে মান্যতা দিয়ে ঘাস ছেঁটে ফেলা হতে পারে টেস্ট শুরুর আগে। রাজকোটে এখনও অবধি দুটি টেস্ট খেলেছে ভারত। অপরাজেয় ছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। ইংল্যান্ডের সঙ্গে ড্র করেছিল, ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করিয়ে ইনিংসে হারিয়েছিল। রোহিতের নেতৃত্বে এই প্রথম এখানে টেস্ট খেলবে ভারত।












Click it and Unblock the Notifications