IND vs ENG: যশস্বীর ব্যাটিংয়ে ভারত চালকের আসনে, স্পিনারদের দাপটে দুমড়ে গেল ইংল্যান্ডের বাজবল
IND vs ENG: হায়দরাবাদে ভারতীয় স্পিনারদের দাপটে দুমড়ে গেল ইংল্যান্ডের তথাকথিত বাজবল। টস জিতে ব্যাট করতে নামা বেন স্টোকসের দলকে প্রথম ইনিংসে ২৪৬ রানে থামাল রোহিত শর্মার ভারত।
প্রথম দিনেই ম্যাচের রাশ ভারতের হাতে। দিনের শেষে ভারত পিছিয়ে ১৩৫ রানে, হাতে ৯ উইকেট। অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়াল।

যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) কেরিয়ারের পঞ্চম তথা দেশের মাটিতে প্রথম টেস্ট খেলছেন। শতরান থেকে তিনি আপাতত ২৪ রানে দূরে। গত বছর জুলাইয়ে ডমিনিকার রসিউয়ে (Roseau)-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭১ রান করেছিলেন। পোর্ট অব স্পেনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একটি অর্ধশতরানও করেছিলেন।
আজ শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে গেলেন যশস্বী। বাঁহাতি স্পিনার টম হার্টলিকে তাঁর অভিষেক টেস্টেই স্বাগত জানান প্রথম বলে ছক্কা হাঁকিয়ে। ওই ওভারেই আরেকটি ছক্কা মারেন। ভারতীয় ইনিংসের প্রথম বলেই যশস্বী চার মারেন মার্ক উডের বলে। ৪৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী।
যশস্বীর ব্যাটিং, বিশেষ করে বাঁহাতি স্পিনারদের যেভাবে তিনি সামলান, তা দেখে ঋষভ পন্থের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যশস্বী ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৭০ বলে ৭৬ রানে অপরাজিত রয়েছেন। ১টি চারের সৌজন্যে ৪৩ বলে ১৪ রানে অপরাজিত রয়েছেন শুভমান গিল।
ভারত প্রথম দিনের শেষে ২৩ ওভারে ১ উইকেটে ১১৯ রান তুলেছে। রোহিত শর্মা তিনটি চারের সাহায্যে ২৭ বলে ২৪ রান করে জ্যাক লিচের বলে আউট হয়েছেন। ১২.২ ওভারে ভারতের প্রথম উইকেট পড়ে ৮০ রানে। জ্যাক লিচ ২টি মেডেন-সহ ৯ ওভারে ২৪ রান খরচ করে একটি উইকেট নিয়েছেন।
ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৪.৩ ওভারে ২৪৬ রান তোলে। অধিনায়ক বেন স্টোকস ৬টি চার, ৩টি ছয়ের সাহায্যে ৮৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন। জ্যাক ক্রলি ২০, বেন ডাকেট ৩৫, অলি পোপ ১, জো রুট ২৯, জনি বেয়ারস্টো ৩৭, বেন ফোকস ৪, রেহান আহমেদ ১২, টম হার্টলি ২৩, মার্ক উড ১১ রান করেন।
রবিচন্দ্রন অশ্বিন ১টি মেডেন-সহ ২১ ওভারে ৬৮ রান দিয়ে এবং রবীন্দ্র জাদেজা চারটি মেডেন-সহ ১৮ ওভারে ৮৮ রান খরচ করে তিনটি করে উইকেট নেন। অক্ষর প্যাটেল ১টি মেডেন-সহ ১৩ ওভারে ৩৩ রান দিয়ে এবং জসপ্রীত বুমরাহ ১টি মেডেন-সহ ৮.৩ ওভারে ২৮ রান দিয়ে ২টি করে উইকেট নেন। মহম্মদ সিরাজ চার ওভারে ২৮ রান দেন।












Click it and Unblock the Notifications