IND vs ENG: যশস্বী ছুঁলেন বিরাটকে, রোহিত স্পর্শ করলেন মাইলফলক, পাটীদারের ব্যর্থতা সত্ত্বেও জয়ের কাছাকাছি ভারত
IND vs ENG: রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজ জয় থেকে মাত্র ৭৪ রান দূরে ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ৩৭ ওভারে ৩ উইকেটে ১১৮। শুভমান গিল ১৮ ও রবীন্দ্র জাদেজা ৩ রানে অপরাজিত আছেন।
রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করলেন। বিরাট কোহলির নজির স্পর্শ করলেন যশস্বী জয়সওয়াল। তবে ফের হতাশ করলেন রজত পাটীদার।

যশস্বী জয়সওয়াল এদিন স্পর্শ করলেন বিরাট কোহলির রেকর্ড। গতকাল তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৮ ওভারে বিনা উইকেটে ৪০। রোহিত শর্মা ২৪ ও যশস্বী জয়সওয়াল ১৬ রান নিয়ে আজ খেলতে নামেন। যশস্বী আউট হলেন ৪৪ বলে ৩৭ রান করে। মেরেছেন পাঁচটি চার।
আজ সকালে যশস্বীর বিরুদ্ধে লেগ বিফোরের জন্য ডিআরএস নেয় ইংল্যান্ড। কিন্তু তাতে লাভবান হয়নি বেন স্টোকসের দল। এরপর টম হার্টলি ও শোয়েব বশিরের বলে মোট বাউন্ডারি মারেন জয়সওয়াল। ১৭.৩ ওভারে যশস্বী জো রুটের শিকার হন। ভারতের ওপেনিং জুটি ভাঙে ৮৪ রানে।
এই ৩৭ রান করার সুবাদে বিরাট কোহলির নজির স্পর্শ করলেন যশস্বী। ২০১৬-১৭ মরশুমে দেশের মাটিতে বিরাট কোহলি ৬৫৫ রান করেছিলেন। চলতি সিরিজে রাঁচি টেস্টের পর যশস্বীর রানও হলো সেই ৬৫৫। ধরমশালায় তিনি সিরিজে ৭০০ রান করার লক্ষ্য নিয়ে নামবেন।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে কোনও টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে গ্রাহাম গুচের (১৯৯০ সালে ৭৫২)। এরপর ২০২১-২২ মরশুমে ভারতের বিরুদ্ধে ৭৩৭ রান করেছিলেন জো রুট। যশস্বী যে ফর্মে রয়েছেন তাতে সেই নজিরগুলি ছাপিয়ে যাওয়া অসম্ভব নয়।
রোহিত শর্মা টেস্ট কেরিয়ারের ১৭তম অর্ধশতরানটি পেলেন এদিন। তিনি পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৮১ বলে ৫৫ রান করে কট বিহাইন্ড হলেন। তারই ফাঁকে অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেন রোহিত। ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রোহিত। স্টাম্প ভাঙেন উইকেটকিপার বেন ফোকস। তবে দেখা যায় বল তাঁর ব্যাটে লেগেছিল।
রজত পাটীদার আর টেস্ট দলে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল। আজ তিনি শোয়েব বশিরের বলে আউট হলেন শূন্য রানে। ২৫.১ ওভারে ৯৯ রানে ভারতের দ্বিতীয় উইকেট পড়েছিল। পাটীদার আউট হলে স্কোর দাঁড়ায় ২৬.২ ওভারে ৩ উইকেটে ১০০।
বিশাখাপত্তনম টেস্টে ৩২ ও ৯ রান করেছেন রজত। রাজকোট টেস্টে ৫ ও ০ রানে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। প্রথম ইনিংসেও শোয়েব বশিরের শিকার হয়েছিলেন পাটীদার। ৪২ বল খেলে করেছিলেন ১৭। দ্বিতীয় ইনিংসে মাত্র ৬ বল টিকে খালি হাতেই প্যাভিলিয়নে ফিরলেন।












Click it and Unblock the Notifications