IND vs ENG: দ্বিতীয় টেস্টে পিচ কেমন হবে? কুলদীপ পুজো দিলেন মন্দিরে, ভারতের একাদশে থাকবেন কারা?
IND vs ENG: কাল থেকে বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যেই সিরিজে এগিয়ে থাকা ইংল্যান্ড প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। ভারত অবশ্য টসের আগে একাদশ স্পষ্ট করবে না।
দুই শিবিরের ফোকাসই রয়েছে বাইশ গজে। তবে মনে করা হচ্ছে, এখানকার উইকেটের চরিত্র হায়দরাবাদের তুলনায় কিছুটা আলাদাই হবে।

বিশাখাপত্তনমের ড. ওয়াইএস রাজাশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে যে দুটি টেস্ট হয়েছে তার কোনওটিতেই হারেনি ভারত। ২০১৬ সালের নভেম্বরে ইংল্যান্ডকে হারিয়েছিল ২৪৬ রানে। এরপর ২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল ২০৩ রানে।
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, পিচ দেখে তাঁর মনে হয়েছে বল প্রথম থেকে ঘুরবে না। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই পিচ স্পিনারদের সহায়তা করবে। তবে পরিসংখ্যান বলছে, বিশাখাপত্তনমে পেসাররাও সাফল্য পেয়েছেন। বল রিভার্স স্যুইং করে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় তথা ম্যাচের চতুর্থ ইনিংসে শামি ৩৫ রানে ৫ উইকেট নেন।
আবার ২০১৬ সালের টেস্টে ভারতের কাছে হেরে গেলেও ভারতের যে ২০টি উইকেট ইংল্যান্ড বোলাররা তুলে নিয়েছিলেন তার মধ্যে তিন পেসার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকস সম্মিলিতভাবে ১০ উইকেট পেয়েছিলেন। ইংল্যান্ড অবশ্য চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে এক পেসারে, মার্ক উডের জায়গায় এসেছেন জেমস অ্যান্ডারসন।
ভারতীয় একাদশ নিয়ে চর্চা চলছে। রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে ভারতের তৃতীয় স্পিনার হতে চলেছেন কুলদীপ যাদব। আজ কুলদীপ বিশাখাপত্তনমে সিংহচলাম মন্দিরে গিয়ে পুজো দিয়েও এসেছেন। লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে সরফরাজ খান বা রজত পাটীদারের মধ্যে কোনও একজন খেলবেন। এগিয়ে পাটীদারই।
অশ্বিন এই টেস্টে চার উইকেট তুলে নিলে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে পাঁচশো উইকেটের ক্লাবে নাম লেখাবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারী ভাগবৎ চন্দ্রশেখর। ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর ৯৬ উইকেটের নজির স্পর্শে অশ্বিনের দরকার ১টি উইকেট।
জসপ্রীত বুমরাহ আর চার উইকেট পেলেই টেস্টে তাঁর উইকেট-সংখ্যা দাঁড়াবে ১৫০। রোহিত শর্মা ২০১৯ সালের টেস্টে দুই ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন। ফের তেমনটা হলে টেস্টে ৪ হাজার রান পূর্ণ করবেন। রোহিতের রান ৩৮০০। অ্যান্ডারসন ভারতের মাটিতে চতুর্দশ টেস্ট খেলে ছোঁবেন কিথ ফ্লেচার, গর্ডন গ্রিনিজ, ক্লাইভ লয়েড ও রিকি পন্টিংয়ের নজির।
বিদেশিদের মধ্যে ভারতে সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন ভিভ রিচার্ডস (১৫), তাঁর পরেই রয়েছেন ডেরেক আন্ডারউড। টেস্টে ৭০০ উইকেট দখলে অ্যান্ডারসনের দরকার ১০ উইকেট।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রজত পাটীদার, অক্ষর প্যাটেল, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।












Click it and Unblock the Notifications