IND vs ENG: চেন্নাইয়ে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ভারতের, দলে সুন্দর ও জুরেল
IND vs ENG: আজ চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ডের মুখোমুখি চোট সমস্যায় জর্জরিত ভারত। সে কারণে সূর্যকুমার যাদবের দলে রদবদলও করতে হলো।
আজ চিপকেও টস জিতে ইংল্যান্ডকে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে।

আজকের ম্যাচ খেলতে নামার আগেই জোড়া ধাক্কা খায় ভারত। সাইড স্ট্রেইনের কারণে ছিটকে যান নীতীশ কুমার রেড্ডি, যিনি গতকাল চেন্নাইয়ে অনুশীলনে চোট পান। কলকাতায় প্রথম টি২০ আন্তর্জাতিকে ফিল্ডিংয়ের সময় চোট লাগে রিঙ্কু সিংয়ের। লোয়ার ব্যাক স্প্যাজমের কারণে রিঙ্কুও আজ ও রাজকোটের ম্যাচ থেকে ছিটকে গেলেন।
এই পরিস্থিতিতে ভারত খেলাচ্ছে ওয়াশিংটন সুন্দরকে। যিনি তামিলনাড়ুর হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন। লোকাল বয় সুন্দর তাই বড় বাজি সূর্যর। নীতীশের জায়গায় তিনি দলে এলেন। রিঙ্কু সিংয়ের জায়গায় একাদশে এলেন ধ্রুব জুরেল।
গতকাল ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান অভিষেক শর্মা। তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা ছিল। তবে আজ অনুশীলনে তাঁকে বোলিং করতে দেখে যাবতীয় সংশয় কেটে যায়। যদিও এদিনও টসের আগে বোলিং করা সত্ত্বেও একাদশে প্রত্যাবর্তন হলো না মহম্মদ শামির।
ইংল্যান্ড দলে আজ দুটি পরিবর্তন হয়েছে। গাস অ্যাটকিনসনের জায়গায় এলেন ব্রাইডন কার্স। অসুস্থতার কারণে খেলতে পারছেন না জেকব বেথেল, টি২০ আন্তর্জাতিক অভিষেক হচ্ছে জেমি স্মিথের।
বিশেষজ্ঞদের ধারণা, চিপকের উইকেট ব্যাটিং সহায়ক। কালো মাটির পিচ। ১৮০ রান উঠতে পারে। পেসাররা খুব বেশি বাউন্স আদায় না করতে পারলেও সাফল্য পেতে পারেন। স্পিনাররাও কার্যকরী হতে পারেন। তবে শিশির বেশি পড়ছে না। ফলে ডিউ ফ্যাক্টর হবে না বলেই মনে করা হচ্ছে।
সূর্যকুমার বলেন, আগের ম্যাচের মতো বেসিকস ঠিকঠাক রেখে একই অ্যাপ্রোচ নিয়ে নামব। ফিল্ডিংয়ের উপর ফোকাস রাখছি বেশি করে। কলকাতার মতো ঘাস না থাকলেও পিচ শক্ত। গতকাল দেখেছি শিশিরও পড়ছে। ফলে উইকেটে পরে ব্যাট করা সহজ হবে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও জানালেন, টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। প্রথম ম্যাচে হারার পরেও দলের ক্রিকেটাররা রিল্যাক্সড। আরও বেশি আগ্রাসীভাবে খেলতে মুখিয়ে সকলেই।
ভারত- সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
ইংল্যান্ড- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।












Click it and Unblock the Notifications