IND vs ENG: বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং ভারতের, রোহিতের দলে তিন পরিবর্তন
IND vs ENG: বিশাখাপত্তনম টেস্টেও অভিষেক হলো না সরফরাজ খানের। আজ টেস্ট ক্যাপ পেলেন রজত পাটীদার। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং নিলেন।
ভারতীয় দলে রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলের জায়গায় এলেন যথাক্রমে কুলদীপ যাদব ও রজত পাটীদার। মহম্মদ সিরাজকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে মুকেশ কুমারকে। ইংল্যান্ড দলে অভিষেক বছর ২০-র শোয়েব বশিরের।

এই টেস্টের পিচ ব্য়াটিং সহায়ক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পরের দিকে বল ঘুরবে। তবে প্রথম তিন দিন ব্যাটে-বলে জমজমাট লড়াইয়ের প্রত্যাশা। দুই দলই চাইবে প্রথম ইনিংসে বেশি রান তুলে রাখতে। রোহিত টস জেতার পর বলেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে। এখানে যেমন উইকেট হয়, তেমনই পিচ। তবে আমাদের ভালো খেলতে হবে।
রোহিতের কথায়, হায়দরাবাদ টেস্টের কথা মাথায় না রেখেই আমরা খেলতে নামছি। সামনের দিকে এগিয়ে যেতে হবে। কী ধরনের স্ট্র্যাটেজি দরকার তা নিয়ে আলোচনা হয়েছে। পরিকল্পনার বাস্তবায়ন সঠিকভাবে ঘটাতে হবে। আগের টেস্টে প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাট করেছি, তবুও কোথাও সংকল্পে ঘাটতি ছিল।
দ্বিতীয় ইনিংসে অলি পোপ ভালো খেললেও বোলিংয়েও আরও বেশি ইনটেন্ট প্রত্যাশা করেছিলেন রোহিত। দলে চোট-আঘাত সমস্যা নিয়েও তিনি বিশেষ উদ্বিগ্ন নন। চোটের কারণে এই টেস্টে নেই জাদেজা ও রাহুল। সে কারণে বাধ্য হয়ে দুটি পরিবর্তন করতে হচ্ছে। মহম্মদ সিরাজ টানা খেলছেন বলে তাঁকে বিশ্রাম দেওয়া হলো বলে জানান রোহিত।
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেন, আমিও টস জিতলে ব্যাটিংই নিতাম। গত সপ্তাহ আমাদের ভালো গিয়েছে। তবে আমরা জানি ভারত ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে। আগের টেস্টে যেভাবে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছি তা অসাধারণ। সেই আত্মবিশ্বাস সম্বল করেই এই টেস্ট খেলতে নামছেন বলে জানান স্টোকস।
ভারতীয় দলে অভিষেক হলো রজত পাটীদারের। মধ্যপ্রদেশের এই ব্যাটার গত ডিসেম্বরে দেশের হয়ে একটিই একদিনের আন্তর্জাতিক খেলেছেন, পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১২টি শতরান ও ২২টি অর্ধশতরান রয়েছে।
ইংল্যান্ড দলে আগের টেস্টে অভিষেক হয়েছিল জেমস হার্টলির। দ্বিতীয় ইনিংসে ৭ এবং কেরিয়ারের প্রথম টেস্টে ৯ উইকেট দখল করেন। জ্যাক লিচ হাঁটুর চোটের কারণে ছিটকে যেতেই অভিষেক শোয়েব বশিরের। মজার বিষয় হলো, ২০০৩ সালের অক্টোবরে জন্ম বশিরের। ওই বছর মে মাসে টেস্ট অভিষেক জেমস অ্যান্ডারসনের। দুজনেই আজ খেলছেন। ৪১ বছরের অ্যান্ডারসন এলেন মার্ক উডের জায়গায়।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাটীদার, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মুকেশ কুমার।
ইংল্যান্ড- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন।












Click it and Unblock the Notifications