IND vs ENG: ভারতের বিধ্বংসী জয়ে চুরমার একাধিক রেকর্ড, অভিষেকের ধামাকা
IND vs ENG: ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে মুম্বইয়ে শেষ টি২০ আন্তর্জাতিক জিতেছে ভারত। ভারতের ৯ উইকেটে ২৪৭ রানের জবাবেব ১০.৩ ওভারে ৯৭-এ শেষ ইংল্যান্ড।
অভিষেক শর্মা ৫৪ বলে ১৩৫ রান করার পাশাপাশি ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা। সিরিজের সেরা বরুণ চক্রবর্তী, ১৪টি উইকেট দখল করে। ওয়াংখেড়েতে ভেঙে গেল একঝাঁক রেকর্ড।

রোহিত শর্মা (৫), সূর্যকুমার যাদব (৪), সঞ্জু স্যামসন (৩), লোকেশ রাহুল (২), তিলক বর্মা (২)-র পর ষষ্ঠ ভারতীয় হিসেবে টি২০ আন্তর্জাতিকে একাধিক শতরানের মালিক হলেন অভিষেক শর্মা।
২০২৩ সালে আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলে ১২৬ রান করেছিলেন শুভমান গিল। এতদিন অবধি সেটিই ছিল কোনও টি২০ আন্তর্জাতিকে ভারতের কোনও ব্যাটারের সর্বাধিক রান। সেই রেকর্ডটিও নিজের দখলে নিলেন অভিষেক।
ভারত পাওয়ারপ্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৫ রান তুলেছিল। প্রথম ৬ ওভারে টি২০ আন্তর্জাতিকে এটিই ভারতের দলগত সর্বাধিক স্কোর। এই সময়কালে অভিষেক শর্মা ৫৮ রান করে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি ব্যক্তিগত স্কোরের ভারতীয়দের রেকর্ডটি যশস্বী জয়সওয়ালের কাছ থেকে ছিনিয়ে নিলেন।
অভিষেক ১৭ বলে শতরান, ৩৭ বলে শতরান করেছিলেন। যা টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান ও শতরান। ভারতীয় ইনিংসের ১১তম ওভারের প্রথম বলে অভিষেক শতরান পূর্ণ করেন, যা বিশ্বরেকর্ড।
এর আগে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটকিপার কুইন্টন ডি কক ১১তম ওভারের দ্বিতীয় বলে শতরান করেন ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কোনও টি২০ আন্তর্জাতিকে এবার সবচেয়ে আগে শতরানে পৌঁছনোর নিরিখে ডি ককের নজির ভাঙলেন অভিষেক।
ভারতীয় ব্য়াটারদের মধ্যে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ১৩টি ছয় মারার নজির গড়লেন অভিষেক। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের পর তৃতীয় ভারতীয় হিসেবে টি২০ আন্তর্জাতিকের প্রথম বলে ছয় মারলেন সঞ্জু স্যামসন।
বরুণ চক্রবর্তী দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার নিজের রেকর্ড আরও উন্নত করলেন। ২০২১ সালে ভারত-ইংল্যান্ড টি২০ সিরিজে বিরাট কোহলি ২৩১ রান করেছিলেন। সেই নজির ভেঙে দিলেন অভিষেক শর্মা। ৫ ম্যাচে করলেন ২৭৯ রান।
এই প্রথম ইংল্যান্ড কোনও টি২০ আন্তর্জাতিকে হারল ১০০ বা তার বেশি রানের ব্যবধানে। ১০.৩ ওভারে ৯৭ রান- ১৪৮ বছরের ক্রিকেটের ইতিহাসে এত কম ওভারে কখনও অল-আউট হয়নি থ্রি লায়ন্স। ২০২১ সালে লুঙ্গি এনগিডি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬টি ছয় হজম করেছিলেন। জোফ্রা আর্চারের বলে গতকাল ১৪টি ছয় হয়েছে। তিনি রইলেন এনগিডির পরেই।












Click it and Unblock the Notifications