IND vs ENG: মঙ্গলেই সিরিজ জয়ের হাতছানি, রাজকোটে ভারতের T20I ট্র্যাক রেকর্ড কেমন?
IND vs ENG: কলকাতা, চেন্নাইয়ে জেতার পর মঙ্গলবার ভারতের সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের হাতছানি। আজই রাজকোটে পৌঁছবে দুই দল।
রাজকোটে ভারত প্রথম টি২০ আন্তর্জাতিক খেলে ২০১৩ সালে। পাঁচটি টি২০ আন্তর্জাতিকের মধ্যে এখানে চারটিতেই জয়লাভ করেছে মেন ইন ব্লু। ২০১৭ সালের পর এখানে কোনও টি২০ আন্তর্জাতিকে হারেনি ভারত।

২০১৩ সালে অস্ট্রেলিয়াকে রাজকোটে ২ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। টস জিতে ভারত ফিল্ডিং নেয়। অ্যারন ফিঞ্চের ৮৯ রানে ভর করে অজিরা তোলে ৭ উইকেটে ২০১।
ভুবনেশ্বর কুমার ও বিনয় কুমার তিনটি করে এবং রবীন্দ্র জাদেজা একটি উইকেট নেন। জবাবে ভারত ১৯.৪ ওভারে চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে। ৩৫ বলে ৭৭ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন যুবরাজ সিং।
২০১৭ সালে সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে ভারতকে ৪০ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমে কলিন মুনরোর ৫৮ বলে অপরাজিত ১০৯ রানের সুবাদে কিউয়িরা তোলে ২ উইকেটে ১৯৬। মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল ১টি করে উইকেট নেন।
জবাবে অধিনায়ক বিরাট কোহলির ৬৫ ও মহেন্দ্র সিং ধোনির ৪৯ রান সত্ত্বেও ভারত ৭ উইকেটে ১৫৬-র বেশি যেতে পারেনি। ট্রেন্ট বোল্ট চারটি উইকেট নিয়েছিলেন। মিচেল স্য়ান্টনার, ইশ সোধি ও ম্যাচের সেরা মুনরো একটি করে উইকেট নেন।
২০১৯ সালে ভারত দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে রাজকোটে বাংলাদেশকে হারিয়ে দেয় ৮ উইকেটে, ২৬ বল বাকি থাকতেই। ভারত টস জিতে ফিল্ডিং নেয়। মহম্মদ নঈমের ৩৬, সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদুল্লাহর ৩০ রানের সৌজন্যে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ১৫৩।
চাহাল ২টি, দীপক চাহার, খলিল আহমেদ ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন। ভারত ১৫.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায়। অধিনায়ক রোহিত শর্মা ৪৩ বলে ৮৫ রান করেন। ২ উইকেট পান আমিনুল ইসলাম। ম্যাচের সেরা হন রোহিত।
২০২২ সালে রাজকোটে সিরিজের চতুর্থ টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকাকে ৮২ রানে হারায় ভারত। দক্ষিণ আফ্রিকা টস জিতে ফিল্ডিং নিয়েছিল। দীনেশ কার্তিক ৫৫, হার্দিক পাণ্ডিয়া ৪৬ রান করে ভারতকে ৬ উইকেটে ১৬৯ রানে পৌঁছে দিতে সাহায্য করেন। লুঙ্গি এনগিডি নেন ২ উইকেট।
জবাবে ১৬.৫ ওভারে প্রোটিয়ারা ৮৭ রানেই গুটিয়ে যায়। সর্বাধিক ২০ করেন রাসি ভ্যান ডার ডুসেন। আবেশ খান ৪ ওভারে ১৮ রান দিয়ে চার উইকেট নেন। ২ উইকেট নেন চাহাল। হর্ষল ও অক্ষর প্যাটেলের ঝুলিতে ১টি করে উইকেট। ম্যাচের সেরা দীনেশ কার্তিক।
২০২৩ সালে রাজকোটে শেষ টি২০ আন্তর্জাতিক হয়েছে। তাতে শ্রীলঙ্কাকে ভারত হারায় ৯১ রানে। তৃতীয় টি২০ আন্তর্জাতিকে টস জিতে ব্য়াট করতে নেমে ভারত তোলে ৫ উইকেটে ২২৮। সূর্যকুমার যাদব ৫১ বলে ১১২ রানে অপরাজিত থাকেন। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। দিলশান মাদুশঙ্কা নেন ২ উইকেট।
জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা ১৬.৪ ওভারে ১৩৭ রানেই শেষ। অধিনায়ক দাসুন শনাকা করেন ১৭ বলে ২৩। কুশল মেন্ডিসও করেন ২৩। অর্শদীপ সিং ২.৪ ওভারে ২০ রান দিয়ে তিন উইকেট নেন। ২টি করে উইকেট পান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচের সেরা হন সূর্য।
রাজকোটে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের রেকর্ড সূর্যকুমার যাদবেরই দখলে (১ ম্যাচে ১১২)। দুইয়ে কলিন মুনরো (১ ম্যাচে ১০৯)। টি২০ আন্তর্জাতিকে এখানে সর্বাধিক উইকেট চাহালের (৪ ম্যাচে ৭টি)। চারটি করে উইকেট রয়েছে আবেশ ও বোল্টের। অর্শদীপ সিং, আর বিনয় কুমার ও ভুবনেশ্বর কুমারের রয়েছে তিনটি করে উইকেট।












Click it and Unblock the Notifications