IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে শ্রেয়স-হার্দিক? বুমরাহকে নিয়েও রয়েছে বোর্ডের বড় ভাবনা
বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার পর এবার ফোকাসে ভারত- ইংল্যান্ডের মধ্যে সাদা বলের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। কিন্ত চর্চা বেশি একদিনের ম্যাচগুলি নিয়েই কারণ এই ম্যাচগুলি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যদিও একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা উভয়ই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পারেন। পাশাপাশি একদিনের সিরিজে দলে ফেরানো হতে পারে হার্দিক পাণ্ডিয়া এবং শ্রেয়স আইয়ারকে। টি২০ সিরিজের পর এবার হার্দিককে একদিনের স্কোয়াডেও যুক্ত করা হচ্ছে। পাশপাশি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকা শ্রেয়স আইয়ারকে রাখা হতে পারে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে।

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে পিঠের ব্যথায় কাবু হয়ে মাঠ ছাড়তে দেখা যায় জসপ্রীত বুমরাহকে। চোট কি খুব গুরুতর? বিসিসিআই সরকারিভাবে বুমরাহের বিষয়ে আপডেট দেয়নি। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে বুমরাহকে টি২০ এবং একদিনের উভয় সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে।
বুমরাহকে বিশ্রামে রাখলে একদিনের দলে অর্শদীপ সিংকে ফেরানো হতে পারে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও থাকতে পারেন পাঞ্জাব তনয়। একইসঙ্গে চর্চায় মহম্মদ শামিও। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে শামিকে ফেরানোর বিষয়টি নির্ভর করছে তাঁর ফিটনেসের উপরেই। বিজয় হাজারতে দুটি ম্যাচ খেলেছেন শামি।
২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের বিশ্রাম দেওয়া হতে পারে। আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে হবে প্রথম একদিনের ম্যাচ। এর পাশাপাশি ৯ ফেব্রুয়ারি কটক এ হবে দ্বিতীয় এবং আগামী ১২ ই ফেব্রুয়ারি আহমেদাবাদে হবে তৃতীয় একদিনের ম্যাচ।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সহ অধিনায়ক করা হতে পারে জসপ্রীত বুমরাহকে। গিল একদিনের দলে রোহিতের ডেপুটি থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন হতে পারেন বুমরাহ।












Click it and Unblock the Notifications