IND vs ENG: সিরিজ জিতে নিজের রণকৌশলেই অনড় গম্ভীর, পন্থের চেয়ে বেশি গুরুত্ব রাহুলকেই
IND vs ENG: অস্ট্রেলিয়ায় ব্যর্থতা অতীত। ইংল্যান্ডকে টি২০-র পর একদিনের আন্তর্জাতিক সিরিজেও দাপট সহকারে চূর্ণ করে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে ভারত।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর চওড়া হাসি দেখা গেল হেড কোচ গৌতম গম্ভীরের মুখে। ভারতীয় দলের কিছু রণকৌশল নিয়ে সমালোচনাকেও ওড়ালেন ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে ভারত রান তাড়া করেছিল। তাতে অক্ষর প্যাটেলকে নামানো হয় লোকেশ রাহুলের আগে। আজ ভারত প্রথমে ব্য়াট করল। লোকেশ রাহুল নেমে ঝোড়োগতিতে রান পেলেন। তবে গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন, যা করেছেন রণকৌশল অনুযায়ীই।
গম্ভীরের কথায়, এভাবেই ক্রিকেট খেলা উচিত। অনেকেই নানা কথা বলতে পারেন। তবে আমরা এভাবেই খেলতে পছন্দ করি। এভাবেই ক্রিকেট খেলা উচিত। ব্যাটিং অর্ডার বড় কথা নয়। গুরুত্বপূর্ণ হলো, কে কতটা প্রভাব ফেলতে পারেন। যদি কোনও ভালো বাঁহাতিকে মিডল অর্ডারে খেলানোর সুযোগ থাকে, তাহলে কেন তা করব না?
গম্ভীর বলেন, কেন টপ অর্ডারে পাঁচজন ডানহাতি খেলানোর দরকার? আমরা গড়, পরিসংখ্যান এ সব দেখি না। আমরা দেখি, কে কত নম্বরে বেশি ভালো খেলতে পারবেন। অক্ষর যখনই সুযোগ পেয়েছেন, তখনই দলের জয়ে অবদান রেখেছেন ব্যাট হাতে। ফলে অনেকেই অনেক কথা বলতে পারেন। কিন্তু আমরা এভাবেই খেলা চালিয়ে যাব।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, গম্ভীর যখন কেকেআরের মেন্টর হয়ে আসেন তখন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন। ২০২২, ২০২৩ সালে যা ছিল ৫৮ শতাংশের আশেপাশে তা গতবার পৌঁছেছিল ৭৪ শতাংশে। ভারতীয় দলেও সেই রণকৌশল চালিয়ে যাবেন গম্ভীর।
ইংল্যান্ড সিরিজে তিনটি ম্যাচেই খেলানো হলো লোকেশ রাহুলকে, বাইরে ছিলেন ঋষভ পন্থ। গম্ভীর বলেন, এই মুহূর্তে আমাদের ১ নম্বর উইকেটকিপার হিসেবে রাহুল ভালো খেলছেন। আমাদের দলের যা শক্তি তাতে দুজন উইকেটকিপারকে খেলানোর অবস্থা নেই। ফলে পন্থকে তৈরি থাকতে হবে। সুযোগ পেলেই তা কাজে লাগাতে হবে। তবে আপাতত রাহুলই প্রথম একাদশে থাকবেন।
যশস্বী জয়সওয়ালকে নাগপুরে খেলানো হলো। তারপর বাদ পড়লেন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে থাকলেও মূল দলেও ঠাঁই হয়নি। গম্ভীর বলেন, যশস্বী অস্ট্রেলিয়ায় দারুণ ফর্মে ছিলেন। ফলে আমরা তাঁকে দেখে নিতে চাইছিলাম তিনি কেমন খেলেন। একটি ইনিংস দেখে কাউকে বিচার করা ঠিক নয়। তবে আমরা এটাও জানতাম শ্রেয়স আইয়ার আমাদের দলের গুরুত্বপূর্ণ একজন। বিশ্বকাপ-সহ নানা সময় তিনি চার নম্বরে দারুণ পারফর্ম করেছেন।
গম্ভীরের কথায়, তিনচি ম্যাচের সিরিজ হলে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে হয়। তৃতীয় ম্যাচেও মহম্মদ শামিকে আমরা খেলাতে পারতাম। কিন্তু অর্শদীপ সিংকে সুযোগ দেওয়া হলো। জাদেজার জায়গায় খেলালাম ওয়াশিংটন সুন্দরকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সকলকেই সুযোগ দেওয়াটা দরকার ছিল। তবে শ্রেয়স সব সময়ই আমাদের পরিকল্পনায় ছিলেন। তিনি তিনটি ম্যাচ খেলেছেন, এটাও ভালো।












Click it and Unblock the Notifications