IND vs ENG: টি২০-র আগ্রাসী মেজাজ জারি থাকবে ওডিআইয়েও, অভিষেকদের প্রশংসা করে জানালেন গম্ভীর
IND vs ENG: ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে চূর্ণ করে টি২০ সিরিজ জিতল ভারত। ৬ তারিখ থেকে শুরু তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ।
টি২০-র পর একদিনের সিরিজেও আগ্রাসী মানসিকতা নিয়েই খেলবে ভারত। জানিয়ে দিলেন হেড কোচ গৌতম গম্ভীর।

মুম্বইয়ে বিস্ফোরক শতরানকারী অভিষেক শর্মার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন গম্ভীর। তিনি বলেন, টি২০-তে এর চেয়ে ভালো শতরান আগে দেখিনি। বিশেষ করে যেখানে বোলাররা ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বল করছেন।
গম্ভীর বলেন, আমরা যে নির্ভীকভাবে ক্রিকেট খেলছি সেটাই জারি থাকবে। অভিষেক শর্মার মতো প্লেয়ারদের পাশে সব সময় থাকা হবে। এই তরুণ ক্রিকেটারদের প্রতি ধৈর্য্যশীল থাকতে হবে। কেন না, এঁরা সকলেই নির্ভীক ক্রিকেট খেলার আদর্শ মেনে চলেন।
গম্ভীর স্টার স্পোর্টসে বলেছেন, আমরা এমনভাবেই টি২০ খেলতে চাই। ক্রিকেটে হারার ভয় পাই না। হাই রিস্ক, হাই রিওয়ার্ড ক্রিকেট খেলে থাকি। আমাদের দলের ক্রিকেটাররা সেই লক্ষ্যের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। টি২০ দলে আমাদের আদর্শের ভিত্তি হলো নিঃস্বার্থ ও নির্ভীকভাবে খেলা। গত ছয় মাস ধরে সকলে সেটাই করে আসছেন।
গম্ভীর জানিয়ে দেন, টি২০-তে ২৫০ থেকে ২৬০ রান নিয়মিত তোলাই তাঁদের লক্ষ্য। গম্ভীর বলেন, এটা করতে গিয়ে ১২০-১৩০ রানেও গুটিয়ে যেতে পারি কখনও কখনও। কিন্তু সেটা খেলারই অঙ্গ। হাই রিস্ক ক্রিকেট না খেললে হাই রিওয়ার্ডস পাওয়া যাবে না। দল সঠিক পথেই এগিয়ে চলেছে বলে দাবি গম্ভীরের।
আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে এসে যেভাবে বরুণ চক্রবর্তী নিজেকে মেলে ধরেছেন, তার প্রশংসাও করেছেন গম্ভীর। বিশেষ করে ইংল্যান্ডের মতো শক্তিধর দলের বিরুদ্ধে। ব্যাটিং উইকেটে, ইংল্যান্ডের একাধিক ভালো মানের ক্রিকেটারদের বিরুদ্ধে যেভাবে কঠিন ওভারগুলি বরুণ করেছেন, তা অনবদ্য বলেই মন্তব্য গম্ভীরের।
গম্ভীর বলেন, আমরা জানতাম ইংল্যান্ডের ব্যাটাররা প্রথম ৬ ওভারে দাপট দেখাবেন। সেক্ষেত্রে ৭ থেকে ১৫ ওভারের মধ্যে আমরা যত বেশি উইকেট তুলতে পারি সেই লক্ষ্যে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইকে দিয়ে বোলিং করাই। একইসঙ্গে আট নম্বরে আমাদের ভালো ব্যাটার রাখার পিছনেও কারণ আছে। এতে হয়তো আট নম্বর ব্যাটার বেশি বল পাবেন না। কিন্তু ওই ব্যাটারের উপস্থিতির কারণে উপরের সাতজন ব্যাটার দলের পরিকল্পনামাফিক খোলা মনে আগ্রাসীভাবে খেলতে পারছেন।












Click it and Unblock the Notifications