IND vs ENG: গম্ভীরের স্ট্র্যাটেজিই কি অনিশ্চয়তায় ঠেলছে ক্রিকেটারদের কেরিয়ার? বিতর্ক বাড়তেই এসে গেল সাফাই
IND vs ENG: কলকাতা ও চেন্নাইয়ে জিতলেও রাজকোটে ইংল্যান্ডের কাছে টি২০ আন্তর্জাতিকে হেরেছে ভারত। কাল পুণেতে ফের দ্বৈরথ।
রিঙ্কু সিং ফিট হয়ে যাওয়ায় কাল একাদশে আসা নিশ্চিত। ফলে কোপ পড়তে পারে ধ্রুব জুরেলের উপর। জুরেল তিনটি ম্যাচে আহামরি কিছু করতে পারেননি ঠিকই, কিন্তু ভারতের স্ট্র্যাটেজিও জুরেলের ক্ষেত্রে অন্তরায় হয়েছে।

জুরেল চেন্নাই ম্যাচে ৫ বলে ৪ করেছিলেন পাঁচে নেমে। রাজকোটে তাঁকে পাঠানো হয় আট নম্বরে। ৪ বলে ২ রান করেন। যখন তাঁকে নামানো হয় তখন ম্যাচ ভারতের হাতের বাইরে। তাতেই প্রশ্ন ওঠে, কেন জুরেলকে আগে নামানো হলো না।
আজ পুণেতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনি বলেন, অনেকেই জুরেলের আটে ব্যাট করা নিয়ে নানা কথা বলতে পারেন। কিন্তু যদি ভারতের টি২০ দলের দায়িত্ব নেওয়ার পর হেড কোচ গৌতম গম্ভীরের রণকৌশলের ব্লুপ্রিন্ট দেখেন, তাহলে বিষয়টিকে অস্বাভাবিক লাগবে না।
দুশখাতে জানান, টি২০-তে সব সময়ই গম্ভীর ৮ ব্যাটার নিয়ে খেলতে পছন্দ করেন। সেই সঙ্গে তিনি বজায় রাখতে চান ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন। এই দুটি রণকৌশল থেকে আপাতত সরার প্রশ্ন যে নেই সেটাও স্পষ্ট করে দিয়েছেন দুশখাতে।
রাজকোট ম্যাচের কথাই ধরা যাক। সঞ্জু স্যামসন আউট হতে নামানো হয় ডানহাতি সূর্যকুমার যাদবকে। অভিষেক শর্মা ফিরতেই নামেন তিলক বর্মা। আবার সূর্য আউট হতে নামেন হার্দিক পাণ্ডিয়া। তিলক ফিরলে তাঁর জায়গায় নামেন ওয়াশিংটন সুন্দর। সুন্দর ১৫ বলে ৬ রান করে আউট হন।
সুন্দর সাজঘরে ফিরলে জুরেলকে না নামিয়ে আরেক বাঁহাতি অক্ষর প্যাটেল নামেন। তিনি ১৬ বলে ১৫ করেন। অক্ষর আউট হওয়ার পর স্বীকৃত ব্যাটার জুরেলকে নামানো হয় আট নম্বরে। স্রেফ ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন বজায় রাখতে জুরেলকে এত নীচে নামানো কেউ ভালোভাবে নিচ্ছেন না।
রিঙ্কু সিং ফিট হয়ে গিয়েছেন। আজ নেটে তিনি পেসারদের বিরুদ্ধে যেমন সাবলীল ছিলেন, তেমনই রবি বিষ্ণোইয়ের স্পিনের গতি কাজে লাগিয়ে ঋষভ পন্থের মতো বেশ কিছু শট খেলতে দেখা গিয়েছে রিঙ্কুকে। তিনি দলে এলে একাদশ থেকে বাইরে যেতে হতে পারে জুরেলকেই।
এখানেই প্রশ্ন, জুরেলের মতো ভালো মানের ব্যাটারের ব্য়াটিং পজিশন নিয়ে এমন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বাদ দেওয়াটা কি সমীচীন? দুশখাতে অবশ্য দাবি করছেন, গম্ভীর-সহ টিম ম্যানেজমেন্ট শর্ট টার্মে বিশ্বাসী নয়। মিডিয়াম বা লং টার্মের কথা মাথায় রেখে সকলকেই নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ দেওয়া হবে।












Click it and Unblock the Notifications