IND vs ENG: রোহিতরা রাজকোটে রাজকীয় অভ্যর্থনা পেলেন, হোটেলের ঘর থেকে খাদ্যতালিকায় ভিন্ন আস্বাদ
IND vs ENG: হায়দরাবাদ টেস্টে হারার পর বিশাখাপত্তনমে সমতা ফিরিয়ে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে রাজকোটে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার থেকে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরু।
রাজকোটে অবশ্য ভিন্ন ধরনের আপ্যায়নের সাক্ষী থাকলেন ভারতীয় ক্রিকেটাররা। হোটেলের ঘর থেকে খাদ্যতালিকায় রয়েছে গুজরাতি ছোঁয়া।

রাজকোটে ভারতীয় দলের জন্য সত্যজি হোটেল বুক করা হয়েছে ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি অবধি। সেখানে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জন্য রাখা হয়েছে বিশেষ ধরনের স্যুট, যার থিম সৌরাষ্ট্রের ঐতিহ্য। ভারতীয় দলের জন্য বিশেষ ধরনের কাঠিয়াওয়াড়ি রন্ধনশৈলীর খাবারও থাকছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা থাকছেন প্রেসিডেন্সিয়াল স্যুটে। এটির বৈশিষ্ট্য হলো রয়্যাল হেরিটেজ থিম। যেখানে সৌরাষ্ট্রের রাজ পরিবারের ঐতিহ্যশালী বিষয়কে থিম করে ঘরটিকে সাজিয়ে তোলা হয়েছে। হোটেলের ডিরেক্টর উর্বেশ পুরোহিত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই বিশেষ পরিকল্পনার কারণও জানিয়েছেন।
তিনি বলেন, ক্রিকেটারদের বছরভর দেশ-বিদেশে ঘুরতে হয়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই হোটেলের ঘরগুলি পশ্চিমী ঘরানায় সজ্জিত থাকে। ফলে হোটেলে থাকাকালীন ক্রিকেটারদের ভিন্ন আস্বাদ দিতেই এই ধরনের ঘরগুলিতে রাখার বন্দোবস্ত হয়েছে বলে জানিয়েছেন হোটেলের ডিরেক্টর।
গুজরাতি ও কাঠিয়াওয়াড়ি খাবারও থাকছে খাদ্যতালিকায়। ক্রিকেটাররা অবশ্য নির্দিষ্ট খাবারের বাইরে কিছু খান না। আগেই সংশ্লিষ্ট হোটেল ও রাজ্য ক্রিকেট সংস্থার কাছে পৌঁছে যায় কী কী ধরনের খাবার রাখতে হবে সেই সংক্রান্ত তালিকা। ১৩ ও ১৪ তারিখ প্র্যাকটিস সেশন থাকবে, ১৫ থেকে টেস্ট শুরু।
জানা গিয়েছে, ১৩ ফেব্রুয়ারি ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য প্রাতরাশে থাকছে ফাফদা-জিলাপি, খখরা, গাঠিয়া, থেপলা, খমান। ডিনারে থাকছে বিশেষ কাঠিয়াওয়াড়ি খাবার। যেমন- দহি টিকারি, ভাগেরেলা রোটলো (ইওগার্ট ও রসুন দিয়ে তৈরি বাজরার রুটি), খিচড়ি কড়ি ইত্যাদি।
ভারতীয় ক্রিকেটারদের অনেকেই কাঠিয়াওয়াড়ি খাবার পছন্দ করেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হোটেলের ডিরেক্টরের কথায়, এর আগে খিচড়ি কড়ি ভালোবাসেন হার্দিক পাণ্ডিয়া ও লোকেশ রাহুল। মহেন্দ্র সিং ধোনি যখনই রাজকোটে আসেন, তিনি খিচড়ি কড়িও খেতে পছন্দ করেন।
মঙ্গলবার থেকে ভারতীয় দলের অনুশীলনে নামার কথা রয়েছে। আজই ইংল্যান্ড দলেরও আবু ধাবি থেকে রাজকোটে পৌঁছনোর কথা। তারাও কালই অনুশীলনে নামবে। ২০১২-১৩ মরশুমে শেষবার এই দেশ থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল অ্যালাস্টেয়ার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এবার তার পুনরাবৃত্তি ঘটাতে ইংল্যান্ডের হাতিয়ার বাজবল।












Click it and Unblock the Notifications