IND vs ENG: শুভমান ১০৪, ভারত ২৫৫! বিশাখাপত্তনম টেস্ট জিততে ইংল্যান্ডের চাই ৩৯৯
IND vs ENG: বিশাখাপত্তনম টেস্টে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে ইংল্যান্ডের প্রয়োজন ৩৯৯ রান। ফলে সিরিজে সমতা ফেরানোর ব্যাপারে ভারত অনেকটাই সুবিধাজনক জায়গায়।
রোহিত শর্মার দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল ২৫৫ রানে, যার মধ্যে শুভমান গিলের একার ১০৪। টম হার্টলি নিলেন চার উইকেট।

৫ ওভারে বিনা উইকেটে ২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত, শেষ অবধি থামল ৭৮.৩ ওভারে ২৫৫ রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৩৫ ওভারে ৪ উইকেটে ১৩০। চা বিরতিতে স্কোর গিয়ে দাঁড়ায় ৬৪ ওভারে ৬ উইকেটে ২২৭। তৃতীয় সেশনে জলপানের বিরতির সামান্য পরেই ভারত অল আউট।
প্রথম ইনিংসে দ্বিশতরানকারী যশস্বী জয়সওয়াল ১৭ রান করেছিলেন। অধিনায়ক রোহিত শর্মা ১৩-র বেশি যেতে পারেননি। শ্রেয়স আইয়ার ২৯, রজত পাটীদার ৯ রান করেন। অক্ষর প্যাটেল করেন ৪৫, কেএস ভরত ৬। কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ খাতাই খুলতে পারেননি।
রবিচন্দ্রন অশ্বিন ২৯ রান করে আউট হতেই ভারতীয় ইনিংসে যবনিকা পড়ে। মুকেশ কুমার ০ রানে অপরাজিত থাকেন। ভারতের ইনিংসে সর্বাধিক স্কোর শুভমান গিলের। আজ ব্যর্থ হলেই শুভমান গিলের টেস্ট দলে জায়গা ধরে রাখা নিয়ে প্রশ্ন উঠে যেত। ব্যাড প্যাচ কাটিয়ে গিল তিনে নেমে ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে করলেন ১৪৭ বলে ১০৪ রান।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সফলতম বোলার টম হার্টলি। তিনটি মেডেন-সহ ২৭ ওভারে ৭৭ রান খরচ করে তুলে নিলেন ৪ উইকেট। পাঁচটি মেডেন-সহ ২৪.৩ ওভারে ৮৮ রান দিয়ে তিন উইকেট রেহান আহমেদের। দুই ওপেনারকে আউট করেন জেমস অ্যান্ডারসন। ১টি মেডেন-সহ ১০ ওভারে ২৯ রান দিয়ে তিনি ২ উইকেট নেন। শোয়েব বশিরের ঝুলিতে ১ উইকেট।
২০২২ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ড ৩৭৮ রানের টার্গেট তাড়া করে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল। জো রুট ১৪২ ও জনি বেয়ারস্টো ১১৪ রানে অপরাজিত ছিলেন। আবার ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৩৮৭ রানের টার্গেট তাড়া করে ৬ উইকেটে জিতেছিল।
সেই টেস্টে দ্বিতীয় ইনিংসে সচিন তেন্ডুলকর ১০৮ রানে অপরাজিত ছিলেন। যুবরাজ সিং ৮৫ রানে নট আউট থাকেন। গৌতম গম্ভীর ৬৬ রান করেছিলেন। কিন্তু ৬৮ বলে ৮৩ রান করা বীরেন্দ্র শেহওয়াগই ম্যাচের সেরা হন। ফলে এই টেস্ট জিতলে ইংল্যান্ডকে নজির গড়েই জয় ছিনিয়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications