IND vs ENG: সরফরাজ চোখের জল মুছলেন সহধর্মিণীর, টেস্ট ক্যাপে বাবার স্নেহচুম্বন, জুরেলেরও বড়দিন
IND vs ENG: রাজকোট টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের উইকেট হারিয়েছে ভারত। একাদশে কামব্যাক করেই ভারতের ওপেনিং জুটি ভাঙেন মার্ক উড।
তিনিই গিলকে ফেরান। চারে নেমেছেন রজত পাটীদার। ভারতের হয়ে এই টেস্টে অভিষেক হলো ধ্রুব জুরেল ও সরফরাজ খানের। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে তৈরি হলো আবেগঘন মুহূর্ত।

মুম্বইয়ের সরফরাজ খানের বয়স ২৬। ঘরোয়া ক্রিকেটে ঝুড়ি ঝুড়ি রান করলেও আন্তর্জাতিক অভিষেকের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো। ভালো খেলেও জাতীয় দলের দরজা না খোলায় তাঁর হয়ে সরব হয়েছেন অনেকেই। অবশেষে আজ রাজকোটে এলো বহু প্রতীক্ষিত মুহূর্ত।
অনিল কুম্বলের হাত থেকে যখন সরফরাজ টেস্ট ক্যাপ পেলেন তখন কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন সরফরাজের বাবা নৌসাদ। ছিলেন সরফরাজের স্ত্রী। ধ্রুব জুরেলের সঙ্গে ছবি তুলেই সরফরাজ চলে যান বাবার কাছে। ছেলের হাতে টেস্ট ক্যাপ নৌসাদ খান তখন আবেগাপ্লুত। চোখ দিয়ে বেয়ে পড়ছে আনন্দাশ্রু।
সরফরাজ গিয়ে প্রথমে বাবার হাতে টেস্ট ক্যাপটি তুলে দেন। যাতে স্নেহচুম্বন দেন নৌসাদ। সরফরাজ বাবাকে জড়িয়ে ধরার পাশাপাশি স্ত্রীর চোখে জল দেখে তা মুছিয়েও দেন। বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারদের অনুপস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে সরফরাজ।
মুম্বইয়ের সরফরাজ প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫টি ম্যাচ খেলেছেন। ৩৯১২ রান রয়েছে। সর্বাধিক স্কোর অপরাজিত ৩০১, গড় ৬৯.৮৫। ১৪টি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে। ২০১৪ ও ২০১৬ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে ২০১৫ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন।
৫০ ওভারের ক্রিকেটে তাঁর ২টি শতরান রয়েছে। টেস্ট দলে ডাক পাওয়ার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু-দিনের ম্যাচে ভারতীয় এ দলের হয়ে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন। এরপর দুটি ৪ দিনের ম্যাচে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়েই তাঁর রান ছিল যথাক্রমে ৪, ৫৫ ও ১৬১। ভারতীয় এ দলের সিরিজ জয়ে অবদান রাখেন।
অন্যদিকে, টেস্ট দলের সুযোগ পেয়েও ব্যাট হাতে ভরসা দিতে পারেননি কেএস ভরত। কিপিংও আহামরি নয়। ফলে তিনি বাদ পড়লেন। অভিষেক হলো উত্তরপ্রদেশের উইকেটকিপার-ব্যাটার, ২৩ বছরের ধ্রুব জুরেলের। জুরেল দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন। রঞ্জি ম্যাচেও অর্ধশতরান করেন।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু-দিনের ম্যাচেও তিনি ৫০ রানের ইনিংস খেলেন। টেস্ট সিরিজের দলে ভরতের সঙ্গে তাঁকেও রাখা হয়েছিল। অভিষেক হলো আজ। ১৫টি প্রথম শ্রেণির ম্য়াচে ৭৯০ রান করেছেন, ১টি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন। ৩৪টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং ২টি। আগ্রার জুরেল আইপিএলে খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে।












Click it and Unblock the Notifications