IND vs ENG: প্রথম একাদশ নিয়ে রাখলেন কিছুটা ধোঁয়াশা, ম্যাকালামের সঙ্গে নতুন যাত্রা শুরু করতে মুখিয়ে বাটলার
বুধবার ইডেনে প্রথম টি২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে ইংল্যান্ড। শেষ টি২০ বিশ্বকাপে ফলাফল একেবারেই ভালো হয়নি ব্রিটিশদের। এবার ভারতের মাটিতে টি২০ সিরিজে কঠিন পরীক্ষার মুখে ইংল্যান্ড। সোমবার থেকে ইডেনে টি২০ সিরিজের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড দল। মঙ্গলবার ম্যাচের আগের দিন পুরো দমে অনুশীলন করল ব্রিটিশরা।
টিম কম্বিনেশন থেকে ইডেনে শিশির ফ্যাক্টর, ক্লাব হাউসের মিডিয়া সেন্টারে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে একাধিক বিষয়ে অকপট উত্তর দিলেন অধিনায়ক জস বাটলার। কোচ ব্রেন্ডন ম্যাকালাম আগেই জানিয়ে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্রিকেটারদের সতেজ রাখার পরিকল্পনা আছে তাঁর। তবে অধিনায়ক অবশ্য ম্যাচের ২৪ ঘণ্টা আগে বলে দিলেন একাদশ প্রায় চূড়ান্ত, বোলারদের কাকে খেলানো হবে তা ঠিক করা হবে। বেন ডাকেট টপ অর্ডারে থাকবেন, ফিল সল্ট থাকবেন উইকেটের পিছনে।

তবে শীতের ইডেনে শিবির যে ফ্যাক্টর হবে তা মানছেন বাটলার। তাঁর কথায়, ইডেনে শিশির যে ফ্যাক্টর হবে সেটা সম্পর্কে আমরা সচেতন। আমরা গতকাল সন্ধ্যায় অনুশীলন করেছিলাম। আমরা জানি সন্ধ্যার পর খেলা শুরু হবে। বোলারদের কাছে একটা চ্যালেঞ্জের হবে। তবে আমরা সেই মতোই প্রস্তুতি নিচ্ছি।
এর আগে লাল বলে ইংল্যান্ড দলের কোচ ছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। এবার তাঁকে সাদা বলের কোচ করেছে ইসিবি। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে ইংল্যান্ড দলের সাদা বলের কোচিং ইনিংস শুরু করছেন ম্যাকালাম। কোচকে নিয়ে বাটলার বলেন, এর আগে ম্যাকালামের কোচিংয়ে টেস্টে অনেকদিন খেলেছি। এবার সাদা বলেও আমরা খেলব। তাঁর কোচিংয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলতে আমরা মুখিয়ে আছি।
তবে এখনই যে চ্যাম্পিয়ন্স ট্রফি বা ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ নিয়ে ম্যাকালামের সঙ্গে তাঁদের কথা হয়নি সেটা উল্লেখ করলেন বাটলার। তাঁর কথায়, আমাদের ফোকাস এখন ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজ। সাদা বলের ফিরতে পেরে আমরা খুবই উত্তেজিত। আমাদের দল অত্যন্ত ভালো। একাধিক তরুণ ক্রিকেটার আছেন, যারা বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছেন। তাদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা হবে।
সম্প্রতি বিসিসিআইয়ের পক্ষ থেকে বিদেশ সফরে সব সময় পরিবারের সদস্যদের সঙ্গে রাখা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রসঙ্গে অবশ্য ভিন্ন মতই রয়েছে বাটলারের। তিনি পরিবারকে সঙ্গে রাখার বিষয়েই স্পষ্ট বক্তব্য তুলে ধরলেন। তাঁর কথায়, আমার মতে দীর্ঘ সময়ের বিদেশ সফরে পরিবার সঙ্গে থাকা উচিৎ। এতে ক্রিকেটারদের মানসিক শক্তি বৃদ্ধি পায়। কারণ দীর্ঘ সময় ঘরের বাইরে থাকা এবং পরিবারের সদস্যদের ছেড়ে থাকা কঠিন। তাই আমার মতে পরিবার সঙ্গে থাকাই ভালো।
উল্লেখ্য সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের সহ অধিনায়ক হয়েছেন হ্যারি ব্রুক। ইসিবির পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications