IND vs ENG: অর্শদীপ, বরুণদের দাপুটে বোলিং, বাটলারের অর্ধশতরানের পরও ইংল্যান্ডকে ১৩২ রানে থামাল ভারত
IND vs ENG: অর্শদীপ সিংয়ের প্রাথমিক ধাক্কা, তারপর বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোইদের নিয়ন্ত্রিত বোলিং।
টস জিতে শিশিরের কথা মাথায় রেখে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ইংল্যান্ড ২০ ওভারে ১৩২ রানে অল-আউট। জস বাটলার ছাড়া ইংল্যান্ডের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ।

তৃতীয় ওভারেই ১৭ রান তোলার ফাঁকে ২ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে স্কোর ছিল ২ উইকেটে ৪৬। ১০ ওভারে তা গিয়ে দাঁড়ায় ৪ উইকেটে ৭৪। ১০ থেকে ১৫ ওভারের মধ্যে আরও ২টি উইকেট পড়ে, রান ওঠে মাত্র ২৫।
৬.২ ওভারে ৫০ রান করার পর ইংল্যান্ড ১০০ রানে পৌঁছয় ১৫.৫ ওভারে। স্পিনারদের বিরুদ্ধে ২০২৪ সালের পর থেকে যে দুর্বলতা ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, ব্রেন্ডন ম্যাকালাম সাদা বলের দায়িত্ব নেওয়ার পরও সেই রোগ সারল না। অন্তত ইডেনে।
ফিল সল্ট (০) ও বেন ডাকেট (৪) অর্শদীপ সিংয়ের শিকার। এরপর অষ্টম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে যথাক্রমে হ্যারি ব্রুক (১৪ বলে ১৭( ও লিয়াম লিভিংস্টোনকে (২ বলে ০) বোল্ড করে দেন বরুণ চক্রবর্তী। ৬৫ রানে পড়ে তৃতীয় ও চতুর্থ উইকেট। ৮৩ রানে পঞ্চম, ৯৫ রানে ষষ্ঠ, ১০৩ রানে সপ্তম ও ১০৯ রানে অষ্টম উইকেট পড়ে।
ইডেনে যে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা বাটলার করেছিলেন, তা হলো না। এ জন্য দায়ী ইংল্যান্ডের ব্যাটিং এবং অবশ্যই টি২০ বিশ্বচ্যাম্পিয়নদের পরিকল্পনামাফিক বোলিং। ইডেনের প্র্য়াকটিসে স্পিন সামলাতে ইংল্যান্ডের ব্যাটাররা জোর দিলেও এদিনের পরীক্ষায় বাটলারের দলের ব্যাটাররা ডাহা ফেল।
জেকব বেথেল ১৪ বলে ৭, জেমি ওভার্টন ৪ বলে ২, গাস অ্যাটকিনসন ১৩ বলে ২ ও জোফ্রা আর্চার ১১ বলে ১২ রান করেন। শেষ বলে ব্যক্তিগত ১ রানে রান আউট মার্ক উড। অধিনায়ক জস বাটলার ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬৮ রান করলেন।
বরুণ চক্রবর্তী কেকেআরের তারকা স্পিনার। ইডেনের চেনা পরিবেশে তিনিই ভারতের সফলতম বোলার। ৪ ওভারে ২৩ রান খরচ করে বাটলারের উইকেট-সহ তিনটি শিকার ঝুলিতে পুরলেন। অর্শদীপ সিং ৪ ওভারে ১৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
অক্ষর প্যাটেল ১টি মেডেন-সহ ৪ ওভারে ২২ রান খরচ করে তুলে নিলেন ২টি উইকেট। হার্দিক পাণ্ডিয়া ৪ ওভারে ৪২ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট। রবি বিষ্ণোই ৪ ওভারে ২২ রান দিয়ে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications