IND vs ENG: ভারত ঘূর্ণি পিচ বানিয়েও পার পাবে না! ম্যাকালামের ভাবনায় কোন ব্রহ্মাস্ত্র? দ্বিতীয় টেস্টেই বড় চমক?
IND vs ENG: ভারতের মাটিতে বাজবলের অগ্নিপরীক্ষা বলেই সকলে মনে করছেন। ইংল্যান্ড শিবিরও। প্রথম হার্ডল সাফল্যের সঙ্গেই টপকে গিয়েছে ব্রেন্ডন ম্যাকালাম-বেন স্টোকস জুটি।
পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ইংল্যান্ড আত্মবিশ্বাসের তুঙ্গে। থ্রি লায়ন্স শিবির থেকে বুঝিয়ে দেওয়া হলো, ভারত ঘূর্ণি পিচ বানিয়েও এবার পার পাবে না। তৈরি রয়েছে ব্রহ্মাস্ত্র।

ভিসা সমস্যা কাটিয়ে ভারতে শোয়েব বশির যখন পৌঁছেছেন তখন প্রথম টেস্ট শুরু হয়ে গিয়েছে। যদিও মাঠে বসে দলের স্মরণীয় জয়ের সাক্ষী থেকেছেন। প্রথম টেস্টে জ্যাক লিচের চোট লেগেছিল। তিনি পুরোদমে বোলিং করতে পারেননি। এই অবস্থায় শোয়েব বশিরের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
হায়দরাবাদ টেস্টে অভিষেকেই ৯ উইকেট নিয়ে নজর কেড়েছেন টম হার্টলি। প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি। টেস্ট কেরিয়ারের প্রথম ওভারেই যশস্বী জয়সওয়ালের কাছে জোড়া ছক্কা হজম করতে হয়েছিল। কিন্তু তারপর হার্টলিকে যেভাবে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ব্যবহার করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে, তার প্রশংসা করেছেন ম্যাকালাম।
হার্টলির প্রথম শ্রেণির উইকেটে বেশি উইকেট ছিল না। ফলে তাঁকে খেলানো নিয়ে সমালোচনা শুরু হয়। যদিও ম্যাচের শেষে ম্যাকালামের সিদ্ধান্ত যে সঠিক ছিল তা পরিষ্কার। ম্যাকালাম বলে দিয়েছেন, অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁর টেস্ট অভিষেকের আগেও তাঁর আহামরি পারফরম্যান্স ছিল না। দেখতে হবে কে কোন কন্ডিশনে সাফল্য পায়, সেটাই বড় কথা।
৬ ম্যাচে ১০ উইকেট নেওয়া শোয়েব বশির আবু ধাবিতে ইংল্যান্ডের শিবিরে যেভাবে বোলিং করেছেন তাতে তিনিও ভারতের মাটিতে বাজিমাত করতে পারেন বলে মনে করা হচ্ছে। তাঁকে খেলানোর ভাবনা যে রয়েছে তা জানিয়ে দিয়েছেন ম্যাকালাম। লিচ যদি ফিট থাকেনও এবং বিশাখাপত্তনমে পিচ শুষ্ক থাকে তাহলে ইংল্যান্ড চার স্পিনারে নামতে পারে।
হায়দরাবাদ টেস্টে একমাত্র সিমার হিসেবে মার্ক উডকে দলে রেখেছিল ইংল্যান্ড। তিনি দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভার বল করেন, উইকেট পাননি। জেমস অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন, অলি রবিনসনের মতো পেসাররা যখন সুযোগের অপেক্ষায়, তখন পুরোপুরি স্পিন আক্রমণ নিয়ে নামার কথা বলেছেন ম্যাকালাম।
সেনজ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকালাম স্পষ্ট বলেছেন, চলতি সিরিজে যদি প্রথম টেস্টের মতোই বল ঘুরবে বলে মনে হয় তাহলে আমরা সব স্পিনারকে খেলাতেও পিছপা হব না। পরিস্থিতি অনুযায়ী ভারসাম্য বজায় রেখেই দল নামানো হবে। দল চূড়ান্ত করার ক্ষেত্রে সাহসী হওয়ার কথাও উঠে এসেছে ম্যাকালামের বক্তব্যে। সবমিলিয়ে বাজবলের নানা আঙ্গিক চলতি সিরিজে দেখা যেতেই পারে। বাজবল তত্ত্বের সঙ্গে খাপ খাইয়ে ক্রিকেটারদের নির্ভীক থেকে সেরাটা উজাড়় করার আহ্বানই জানাচ্ছেন ম্যাকালাম।












Click it and Unblock the Notifications