IND vs ENG: রাঁচি টেস্টের পিচ যেন গোলকধাঁধা! প্রথমবার কেমন অভিজ্ঞতার সাক্ষী ইংল্যান্ড অধিনায়ক স্টোকস?
IND vs ENG: কাল থেকে রাঁচিতে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। সিরিজে এগিয়ে গিয়েও তিন টেস্টের পর আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে বেন স্টোকসের ইংল্যান্ড।
স্টোকসের অধিনায়কত্বে ইংল্যান্ড কোনও টেস্ট সিরিজ হারেনি। ফলে সিরিজ হার এড়াতে বাকি দুটি টেস্টের মধ্যে ইংল্যান্ডকে আর টেস্ট হারলে তো চলবেই না, অন্তত একটিতে জিততেই হবে বাজবলের মানরক্ষার জন্য।

রাঁচিতে স্টোকসরা নামবেন সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে। যদিও পিচ নিয়ে গোলকধাঁধার উত্তর খুঁজতে হচ্ছে ইংল্যান্ড শিবিরকে। রাঁচিতে পুরোদমে বোলিং করতে দেখা গিয়েছে স্টোকসকে। তিনি চতুর্থ টেস্টে বোলিং করতে পারেন। ফলে ইংল্যান্ড দলের কম্বিনেশন বদলাচ্ছে।
কিন্তু কতজন পেসার ও কতজন স্পিনার নিয়ে স্টোকসরা নামবেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। রাঁচির উইকেট নিয়ে ইংল্যান্ডের সংবাদমাধ্যমকে স্টোকস বলেছেন, এমন পিচ আগে দেখিনি। ড্রেসিংরুম থেকে দেখলে মনে হচ্ছে পিচে ঘাসের আস্তরণ রয়েছে। কিন্তু কাছে গেলে ফাটল লক্ষ্য করা যাচ্ছে।
স্টোকসের পিচের কাছে গিয়ে মনে হয়েছে, পিচের বাঁধুনি তেমন ভালো নয়। বেশ ঝুরঝুরে। উইকেটের এক প্রান্তে ডানহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরে, অপর প্রান্তে বাঁহাতি ব্যাটারের অফ স্টাম্পের বাইরে ফাটল রয়েছে। এর ফলে পিচ সামগ্রিকভাবে কেমন আচরণ করবে, সে ব্যাপারে নিশ্চিত নন স্টোকস।
প্রথম দুটি টেস্টে এক পেসারে নামলেও তৃতীয় টেস্টে জেমস অ্যান্ডারসন ও মার্ক উড খেলেছেন। কিন্তু দুই পেসারে নেমেও ৪৩৪ রানে পরাস্ত হয়েছে ইংল্যান্ড। রাজকোটে গরম ভালোই ছিল। ইংল্যান্ডকে দীর্ঘক্ষণ ফিল্ডিং করতেও হয়েছে। ফলে অ্যান্ডারসন ও উডকে ফিটনেসের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে।
অলি রবিনসন চলতি সিরিজে একটি টেস্টেও খেলেননি। তিনি একাদশে আসতে পারেন। একাদশে ফেরানো হতে পারে অফ-স্পিনার শোয়েব বশিরকে। ড্যান লরেন্স অফ স্পিন করতে পারেন। ফলে তাঁকে নিলে বোলিং বিকল্পের সঙ্গে বাড়বে ব্য়াটিং গভীরতাও।
নভেম্বরে হাঁটুতে অস্ত্রোপচারের পর গতকালই নেটে বোলিং করেছেন স্টোকস। গতকাল মিনিট ৩৫ টানা বোলিংয়ের পর টিমের চিকিৎসক গ্লেন রে-র সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে স্টোকসকে। পরে তিনি জানান, গত ছয় মাসে এই প্রথম তিনি এতক্ষণ বোলিং করলেন। কোনও যন্ত্রণা বোধ হয়নি। ফলে সবদিক দেখেই টেস্টে বোলিং করা নিয়ে সিদ্ধান্ত নেবেন।
রাজকোট টেস্টে বড় পরাজয়ের নেতিবাচক প্রভাব যাতে দলের উপর না পড়ে সে বিষয়ে সতর্ক স্টোকস ঘুরে দাঁড়াতেও আত্মবিশ্বাসী।












Click it and Unblock the Notifications