IND vs ENG: চতুর্থ টেস্টের উইকেট হাসি ফোটাবে স্পিনারদের মুখে, বাজবল থামাতে ভারতীয় দল কেমন হবে?
IND vs ENG: এমন পিচ জীবনে দেখেননি। ব্রিটিশ সংবাদমাধ্যমের কাছে এমনই দাবি করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়ে দিলেন, ভারতে যেমন পিচ হয় রাঁচিতে তেমনই উইকেট রয়েছে।
পিচে ঘাসের আস্তরণ থাকলেও যে ফাটল রয়েছে তাতে স্পষ্ট জেএসসিএ স্টেডিয়ামের উইকেটও হাসি ফোটাবে স্পিনারদের মুখে। সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে ভারতীয় দলে অবশ্য বড় রদবদলের সম্ভাবনা নেই।

রাঠোর আজ বলেন, ভারতে যখনই আমরা খেলি তখনই পিচ নিয়ে প্রশ্ন ওঠে। রাঁচিতে টিপিক্যাল ইন্ডিয়ান উইকেট রয়েছে। এখানে উইকেটে ফাটল থাকে, সেটা অস্বাভাবিক নয়। বল ঘুরবে। কিন্তু কতটা ঘুরবে, কবে থেকে ঘুরবে সেটা এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না।
জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তাঁর ফিটনেস নিয়ে চিন্তার যে কিছু নেই তা স্পষ্ট করে দিয়েছেন রাঠোর। তাঁর কথায়, আমরা প্রতিটি টেস্ট ম্যাচকেই গুরুত্বপূর্ণ বলে মনে করি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের নিরিখেও প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফলে জসপ্রীত বুমরাহকে সব ম্যাচে পেলে তো ভালোই হতো।
রাঠোর আরও বলেন, তিনটি টেস্টে বুমরাহ যে পরিমাণ ওয়ার্কলোড নিয়েছেন তাতে টানা খেলাটা যুক্তিসঙ্গত নয়। নিজের সেরাটা উজাড় করে বুমরাহ ভালো বোলিং করেছেন। কিন্তু সামনে আইপিএল-সহ এত খেলা রয়েছে যে, বুমরাহকে বিশ্রাম দেওয়ার এটাই সেরা সময় বলে একমত হয়েছেন সকলে।
লোকেশ রাহুল কোয়াড্রিসেপস ইনজুরির কারণে চতুর্থ টেস্টেও খেলতে পারলেন না। ধরমশালায় খেলতে পারবেন কিনা সে ব্যাপারেও নিশ্চিতভাবেই কিছু বলতে পারেননি রাঠোর। মনে করা হচ্ছে, রাহুল না আসায় স্বস্তি পেয়েছেন রজত পাটীদার। যিনি এখনও নজর কাড়তে ব্যর্থ, তবে আরও একটি সুযোগ পাবেন বলে খবর।
রজত পাটীদারের জায়গায় একাদশে আসার জন্য প্রস্তুত দেবদত্ত পাড়িক্কলও। তবে তার জন্য পাড়িক্কলের অপেক্ষা আরও দীর্ঘায়িত হতেই পারে। জসপ্রীত বুমরাহর জায়গায় দলে আসছেন মুকেশ কুমার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হলে বাংলার পেসার আকাশ দীপের টেস্ট অভিষেক হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রজত পাটীদার, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপের মধ্যে ২ জন।












Click it and Unblock the Notifications