IND vs ENG: অশ্বিনের শততম টেস্ট ধরমশালায়, রোহিতের কাছে কোন সৌজন্য প্রত্যাশা গাভাসকরের?
IND vs ENG: বিশাখাপত্তনম, রাজকোটের পর রাঁচিতেও টেস্ট জেতার কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত। জিততে দরকার ১৫২ রান, হাতে ১০ উইকেট। কালই ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে।
ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টটি শুরু মার্চের ৭ তারিখ থেকে। সেটি আবার রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারে মাইলস্টোন টেস্ট।

২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল অশ্বিনের। রাঁচিতে তিনি খেলছেন কেরিয়ারের ৯৯তম টেস্ট। ভারত ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলে ধরমশালা টেস্ট হবে স্রেফ নিয়মরক্ষার। আর সেই টেস্টটিই হতে চলেছে অশ্বিনের শততম টেস্ট।
৯৯তম টেস্টে প্রথম ইনিংসে অশ্বিন ১টি মেডেন-সহ ২২ ওভারে ৮৩ রান খরচ করে মাত্র একটি উইকেট পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁকে দিয়ে বোলিং ওপেন করান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অশ্বিন নিজেও রাজি ছিলেন, নতুন বলে বোলিং উপভোগও করেন বলে জানিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ১৫.৫ ওভারে ৫১ রান খরচ করে পাঁচটি উইকেট তুলে নেন অশ্বিন। বেন ডাকেট, অলি পোপ, জো রুট, বেন ফোকস ও জেমস অ্য়ান্ডারসনকে সাজঘরে ফিরিয়েছেন। খেলার শেষে অশ্বিনের সঙ্গে কথোপকথনের ফাঁকেই সুনীল গাভাসকর তুললেন অশ্বিনের শততম টেস্টের প্রসঙ্গ।
ভারতের চতুর্দশ ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন অশ্বিন। গাভাসকর বলেন, "ভারত কাল জিতে যাবে। এরপর খেলা ধরমশালায়। আমি চাই রোহিত শর্মা এক দারুণ সৌজন্য দেখাক। ভারত যখন মাঠে প্রথম নামবে তখন শততম টেস্টে তোমাকেই সতীর্থদের নেতৃত্ব দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করে। ভারতীয় ক্রিকেটে তোমার যা অবদান, তাতে এভাবেই দারুণ সম্মান প্রদর্শন করা যাবে।"
অশ্বিনের এই আইডিয়া যে পছন্দ হয়েছে তা বোঝা গেলেও তিনি সরাসরি এ বিষয়ে কিছু বলেননি। অশ্বিন বলেন, সানি ভাই আপনি এক মহানুভব। এইসব বিষয় নিয়ে আমার কোনও প্রত্যাশা নেই। তবে ভারতীয় দলের সঙ্গে প্রতিটি মুহূর্ত উপভোগ করি। যতদিন দলে থাকতে পারব, ততদিন এই ভালো লাগা বেড়েই চলবে।
ব্যক্তিগত মাইলস্টোনের থেকেও অশ্বিন গুরুত্ব দেন দলের সাফল্যকেই। রবি শাস্ত্রীর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সব উইকেট নেওয়া যায়, সব রেকর্ড গড়া যায়, কিন্তু দলের জেতার আনন্দের সঙ্গে কোনও কিছুই তুলনীয় নয়। চার বা পাঁচ দিনে টেস্ট জেতার অনুভূতি পরাবাস্তব। কাল ফের সেই অনুভূতির সাক্ষী থাকতে চাই। আজ যেভাবে রোহিত ও যশস্বী শুরু করেছেন কাল তাঁরা সেই ধারাই বজায় রাখতে পারবেন।












Click it and Unblock the Notifications