IND vs ENG: অভিষেক শর্মার গোড়ালি মচকাল, যন্ত্রণা নিয়ে ছাড়লেন মাঠ, ভারতকে বদলাতে হতে পারে পরিকল্পনা
IND vs ENG: কাল চেন্নাইয়ে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে নামার আগে দুশ্চিন্তা বাড়ল ভারতের। গোড়ালি মচকানোয় অনিশ্চিত হয়ে পড়লেন অভিষেক শর্মা।
ইডেনে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন অভিষেক। ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। তবে ম্যাচের সেরার পুরস্কার পাননি। আজ ক্যাচ প্র্যাকটিসের সময় আচমকাই পায়ে চোট লাগে অভিষেকের।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আজ ভারত অনুশীলন করছিল। অভিষেকের গোড়ালি মচকাতেই ডাক পড়ে ফিজিওর। তাঁর চোখেমুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। শুশ্রূষার পর তিনি উঠে দাঁড়িয়ে ড্রেসিংরুমে যান বিশ্রাম নিতে। যাওয়ার সময় খোঁড়াচ্ছিলেন।
ড্রেসিংরুমে অভিষেকের সঙ্গে আধ ঘণ্টা ছিলেন দলের ফিজিও। অভিষেক ব্যাট করতে পারেননি। তাঁর চোট কতটা গুরুতর, চলতি সিরিজে আর খেলতে পারবেন কিনা সেটাও স্পষ্ট নয়। কালকের ম্যাচে অভিষেক খেলতে না পারলে ভারতকে পরিকল্পনাও বদলাতে হবে।
ভারত সেক্ষেত্রে দলে নিতে পারে ওয়াশিংটন সুন্দর বা ধ্রুব জুরেলকে। জুরেল যদি খেলেন তাহলে তিনি বা তিলক বর্মা ওপেন করতে পারেন সঞ্জু স্যামসনের সঙ্গে। এমনকী সূর্যকুমার যাদব নিজেই ওপেনার হিসেবে খেলবেন কিনা তা নিয়েও চর্চা চলছে।
আজ নজর ছিল মহম্মদ শামির দিকেও। ইডেনের মতো চিপকেও তিনি পুরোদমে বোলিং করেছেন। তবে হাঁটু নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা দেখা গিয়েছে। দুই পায়েই ছিল ব্যান্ডেজ। সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে তিনি প্রথমে জগিং করেন। এরপর ফিল্ডিং কোচ টি দিলীপের তত্ত্বাবধানে চলে থ্রোয়িং প্র্যাকটিস।
শামি প্রথমে হাফ রান-আপে বোলিং শুরু করেন। তবে বলের গতি বেশ ভালোই ছিল। এরপরই পুরো রান-আপে বোলিং অনুশীলন শুরু করেন। তবে স্বাভাবিক ছন্দে পাওয়া যায়নি। মসৃণভাবে বোলিং করতে পারছিলেন না। এরপর কিছুক্ষণ কথা বলেন বোলিং কোচ মর্নি মরকেল ও হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে।
তারপর ফের নেটে বোলিং করতে থাকেন। ব্যাটাররা বেশিরভাগ অনুশীলন সারলেন এমএসি বি গ্রাউন্ডে। পরে মূল গ্রাউন্ডে শামি নীতীশ কুমার রেড্ডিকে কয়েকটি বল করেন। এই চিত্র থেকে মনে করা হচ্ছে, শামির আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় একাদশে প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘায়িত হতে চলেছে।












Click it and Unblock the Notifications