IND vs BAN: যশস্বী পেসারদের সামলাতে নাস্তানাবুদ, এগিয়ে এলেন গম্ভীর! ভারতীয় ওপেনারের সামনে নানা নজিরের হাতছানি
IND vs BAN: বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়ালও ওপেন করতে যাবেন, এটাও একরকম নিশ্চিত।
যদিও পেসারদের সামলাতে গিয়ে বেশ অস্বস্তি হচ্ছে যশস্বীর। যা ভারতের জন্য কিছুটা হলেও চিন্তার কারণ। তারই মধ্যে যশস্বী বাংলাদেশ সিরিজে একাধিক নজির গড়ার অপেক্ষায়।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও সংস্করণে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের নজির রয়েছে অজিঙ্ক রাহানের। ২০১৯ থেকে ২০২১-এর প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রাহানে করেছিলেন ১১৫৯ রান। যশস্বী চলতি চক্রে বা তৃতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০২৮ রান করেছেন। রাহানেকে টপকাতে চাই ১৩২ রান।
ভারতের এখনও ১০টি টেস্ট বাকি। ফলে যশস্বী যে রাহানেকে টপকে যাবেন তা নিশ্চিত। যেটা দেখার তা হলো বাংলাদেশ সিরিজেই সেটা হয়, নাকি নিউজিল্যান্ড সিরিজের জন্য অপেক্ষা করতে হয়। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৬ টেস্টে সর্বাধিক ১৩৯৮ রান রয়েছে জো রুটের। যশস্বী রয়েছেন দুইয়ে, রুটের চেয়ে ৩৭০ রান কম রয়েছে তাঁর।
ফলে জয়সওয়াল বাংলাদেশ সিরিজে ৩৭১ রান করলে রুটকে পিছনে ফেলে দিতে পারবেন। রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানের পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনও সংস্করণে ১ হাজার রান করার কীর্তি গড়েছেন যশস্বী।
চলতি বছর ক্যালেন্ডার ইয়ারে টেস্টে যশস্বী ২৬টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি আর ৮টি ছয় যদি মারেন তাহলে ব্রেন্ডন ম্যাকালামের রেকর্ড ভেঙে দেবেন। ক্যালেন্ডার ইয়ারে টেস্টে ৩৩টি ছয় মারার কীর্তি রয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। সেই রেকর্ডও ভাঙতে পারেন যশস্বী।
ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে ৭০০-র উপর রান করেছিলেন যশস্বী। বাংলাদেশ সিরিজের আগে তাঁর ছন্দ কিছুটা হলেও চিন্তায় রাখছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ গতকাল পেসারদের সামলাতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছিলেন যশস্বী। বেশ কয়েকবার পরাস্ত হন।
ভারতীয় দল মাঠে মূল পিচের পাশে অনুশীলন করছিল। জসপ্রীত বুমরাহ, আকাশ দীপদের বোলিং সামলাতে গিয়ে অস্বস্তি হচ্ছিল যশস্বীর। বিরাট কোহলির পরামর্শেও লাভ হয়নি। মহম্মদ সিরাজ, এমনকী নেট বোলারদের সামনেও স্বস্তিতে ছিলেন না। এরপর যশস্বীকে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে পরামর্শ দেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। এরপর থ্রো-ডাউন সামলাতে দেখা গিয়েছে যশস্বীকে। প্রত্যাশা যশস্বীর উপর চাপ তৈরি করছে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications