Virat Kohli: কোহলি ভাঙলেন সচিনের বিশ্বরেকর্ড! কানপুর টেস্টে বাংলাদেশের রান টপকাল ভারত
Virat Kohli: কানপুর টেস্টে ঝোড়ো ব্যাটিং করে বাংলাদেশের রান টপকে গেল ভারত। তারই ফাঁকে সচিন তেন্ডুলকরের আরেকটি বিশ্বরেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
বিরাট বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করলেন। সচিনের চেয়ে অনেক কম ইনিংস খেলে।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক সচিন তেন্ডুলকর। তিনি ২৭ হাজার রান পূর্ণ করেছিলেন ৬২৩তম ইনিংসে। বিরাট কোহলির লাগল ৫৯৪টি ইনিংস। কুমার সঙ্গকারা রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ৬৪৮তম ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করেন। রিকি পন্টিংয়ের লেগেছিল ৬৫০টি ইনিংস।
বিরাট কানপুরে খেলছেন কেরিয়ারের ১১৫তম টেস্ট। আপাতত তাঁর রান ৮.৯১৮। ২৯টি শতরান রয়েছে। আজ শাকিব আল হাসানের বলে বোল্ড হন বিরাট। ৩১তম টেস্ট অর্ধশতরান হাতছাড়া হলো তিন রানের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কোহলি আথেন চারে। সচিন (৩৪৩৫৭), সঙ্গকারা (২৮০১৬) ও রিকি পন্টিং (২৭৪৮৩)-র পরেই।
বিরাট ২৯৫টি একদিনের আন্তর্জাতিকে ৫০টি শতরান ও ৭২টি হাফ সেঞ্চুরি-সহ বিরাটের ১৩,৯০৬ রান রয়েছে। ১২৫টি টি২০ আন্তর্জাতিকে করেছেন ৪১৮৮ রান। ১টি শতরান ও ৩৮টি হাফ সেঞ্চুরি-সহ।
এদিকে, কানপুর টেস্টে প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়েছিল। বৃষ্টিতে খেলা বন্ধের আগে বাংলাদেশ তুলেছিল ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭। দ্বিতীয় ও তৃতীয় দিন একটি বলও খেলা হয়নি বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে। আজ বাংলাদেশকে ২৩৩ রানে থামিয়ে দেয় ভারত।
ইতিমধ্যেই নাজমুল হোসেন শান্তর দলের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটের মেজাজে ব্যাটিং করছে ভারত। টপকে গিয়েছে প্রতিপক্ষের প্রথম ইনিংসের রান। যশস্বী জয়সওয়াল ৫১ বলে ৭২, রোহিত শর্মা ১১ বলে ২৩, শুভমান গিল ৩৬ বলে ৩৯, ঋষভ পন্থ ১১ বলে ৯ ও বিরাট কোহলি ৩৫ বলে ৪৭ করেন।
মাত্র ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল। সঙ্গে রবীন্দ্র জাদেজা। ভারতের স্কোর আপাতত ৩২ ওভারে ৫ উইকেটে ২৬৯। রান রেট ৮.৪০। রাহুল ৩৯ বলে ৬৬, জাদেজা ১১ বলে ৮ রানে ক্রিজে।












Click it and Unblock the Notifications