Shubman Gill: শুভমান গিল চলতি বছর হাঁকালেন তৃতীয় টেস্ট শতরান, টপকালেন বিরাট কোহলির জোড়া কীর্তি
Shubman Gill: শুভমান গিল আজ চেন্নাই টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান উপহার দিলেন। যা চলতি বছরে তাঁর তৃতীয় টেস্ট শতরান।
শুভমান গিল এদিন পেলেন পঞ্চম টেস্ট শতরান। সেই সঙ্গে পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনম টেস্টে ১৪৭ বলে ১০৪ করেছিলেন গিল। এরপর ধরমশালা টেস্টে করেন ১১০। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ইনিংসে অপরাজিত রইলেন ১৭৬ বলে ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলে। ১০টি চার ও চারটি ছয় মেরেছেন।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয়দের মধ্যে বিরাট কোহলি, ঋষভ পন্থ ও ময়াঙ্ক আগরওয়ালের চারটি করে শতরান রয়েছে। শুভমানের শতরানের সংখ্যা বেড়ে হলো ৫। ভারতীয়দের মধ্যে রোহিত শর্মার ৯টি টেস্ট শতরান রয়েছেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। শুভমান এখন তাঁর পরেই।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক শতরান ইংল্যান্ডের জো রুটের, ১৬টি। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেনের ১১টি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের রয়েছে ১০টি শতরান। উইলিয়ামসনের পর চারে রয়েছেন রোহিত। রোহিতের মতো স্টিভ স্মিথের রয়েছে ৯টি শতরান।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ড্যারিল মিচেল ও ডেভিড ওয়ার্নারের পাঁচটি করে শতরানের কীর্তি এদিন স্পর্শ করেন গিল। ধনঞ্জয় ডি সিলভা ও বাবর আজমের রয়েছে ৮টি করে শতরান। উসমান খোয়াজা ও বেন স্টোকসের আছে সাতটি করে। এই টুর্নামেন্টে ৬টি করে টেস্ট শতরান রয়েছে দিমুথ করুণারত্নে, জনি বেয়ারস্টো, ট্রাভিস হেড ও অলি পোপের।
ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে পঞ্চম টেস্ট শতরান করার কীর্তি রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৯ বছর ২৮২ দিনে তিনি পঞ্চম টেস্ট শতরান পেয়েছিলেন। এই তালিকার আট নম্বরে শুভমান গিল। এখানেও তিনি পিছনে ফেললেন বিরাট কোহলিকে। কোহলি ২৫ বছর ৪৩ দিনের মাথায় পঞ্চম টেস্ট শতরান পান। গিল পেলেন ২৫ বঠর ১৩ দিনের মাথায়।
এই তালিকায় সচিনের পর রয়েছেন রবি শাস্ত্রী (২২ বছর ২১৮ দিন), দিলীপ বেঙ্গসরকার (২৩ বছর ২৪২ দিন), মহম্মদ আজহারউদ্দিন (২৪ বছর ৩ দিন), মনসুর আলি খান পতৌদি (২৪ বছর ৭৩ দিন), ঋষভ পন্থ (২৪ বছর ২৭০ দিন) এবং সুনীল গাভাসকর (২৪ বছর ৩৩১ দিন)। সানির পরেই রয়েছেন গিল।












Click it and Unblock the Notifications