IND vs BAN: বাংলাদেশ সিরিজ শুরুর আগেই ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন শিবম, তড়িঘড়ি ডাক পেলেন কে?
IND vs BAN: কাল থেকে শুরু ভারত-বাংলাদেশ টি২০ সিরিজ। গোয়ালিয়রে প্রথম ম্যাচে নামার আগেই ভারতীয় দল বড় ধাক্কা খেল। চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে।
তাঁর পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেলেন মুম্বই ইন্ডিয়ান্সে খেলা তিলক বর্মা। তিনি কাল সকালে গোয়ালিয়রে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

মুম্বইয়ের অলরাউন্ডার শিবম দুবে নজর কাড়েন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে। টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই সদস্য ৩৩টি টি২০ আন্তর্জাতিকে ৪৪৮ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছেন। আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও সিএসকের হয়ে মোট ৬৫টি ম্যাচ খেলেছেন। ১৫০২ রান ও ৫টি উইকেট রয়েছে।
টি২০ বিশ্বকাপের পর শিবম জিম্বাবোয়ে সফরে একটি ম্যাচ খেলেছিলেন। ততে ২৬ রান করেন, নেন ২ উইকেট। শ্রীলঙ্কায় একটি টি২০ আন্তর্জাতিকে খেলেন। ১৩ রানে আউট হয়েছিলেন। এরপর শ্রীলঙ্কাতেই তিনটি একদিনের আন্তর্জাতিকে শিবম যথাক্রমে ২৫, ০ ও ০ রান করেন। প্রথম ওডিআইয়ে ১ উইকেট পান।
বিসিসিআই আজ জানিয়েছে, শিবমের পিঠে চোট রয়েছে। সে কারণে তিনি খেলতে পারবেন না। তিলক বর্মা তাঁর পরিবর্ত হিসেবে কাল গোয়ালিয়রে দলের সঙ্গে যোগ দেবেন। ফলে এটাও পরিষ্কার যে, সকালে দলের সঙ্গে যোগ দিয়ে তিলক কালকের ম্যাচে খেলবেন না। শিবমের অনুপস্থিতিতে ময়াঙ্ক যাদবের খেলার সম্ভাবনাও আরও জোরালো হলো।
হায়দরাবাদের তিলক ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভালো খেললেও জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না। বাংলাদেশ সিরিজেও তাঁকে প্রথমে ডাকা হয়নি। অবশ্য শিবমের জায়গায় দলে এসে তিনি নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণের সুযোগ পুরোপুরিভাবে কাজে লাগাতে চাইবেন।
তিলক চলতি বছরের জানুয়ারিতে শেষবার দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেছেন। ১৬টি টি২০ আন্তর্জাতিকে তিনি ৩৩৬ রান করেছেন। ২টি উইকেটও নিয়েছেন। টি২০ আন্তর্জাতিকে তাঁর দুটি অর্ধশতরান রয়েছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিলক ৩৮ ম্যাচে ৬টি হাফ সেঞ্চুরি-সহ ১১৫৬ রান করেছেন।
কাল গোয়ালিয়রে ম্যাচ খেলে ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। সিরিজের শেষ ম্য়াচ ১২ অক্টোবর হায়দরাবাদে।
বাংলাদেশ সিরিজে ভারতীয় দল- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিং, হর্ষিত রানা, ময়াঙ্ক যাদব,তিলক বর্মা।












Click it and Unblock the Notifications