IND vs BAN: কানপুর টেস্টের জন্য ফিট শাকিব, কোন পিচে খেলা হবে তা জানানো হয়নি বাংলাদেশ কোচকে!
IND vs BAN: শুক্রবার থেকে কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সিরিজ হার এড়াতে টেস্টটি জেতা ছাড়া উপায় নেই বাংলাদেশের। তারই মধ্যে বাংলাদেশ দলে কিছুটা স্বস্তি।
চেন্নাইয়ের চিপকে ব্যাটিংয়ের সময় জসপ্রীত বুমরাহর বলে আঙুলে চোট লেগেছিল। তারপরই শাকিবের খেলা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও বাংলাদেশ হেড কোচ চণ্ডিকা হাতুরুসিংঘে শাকিবকে নিয়ে ধোঁয়াশা কাটালেন।

শাকিবকে চেনা ছন্দে বোলিং করতে দেখা যাচ্ছিল না। তখনই মুরলী কার্তিক জানান, শাকিব তাঁকে বলেছেন আঙুলে অস্ত্রোপচার হয়েছিল। সেটিই ফুলে গিয়ে ব্যথা হচ্ছে। বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, সাম্প্রতিককালে শাকিবের অপারেশনের বিষয় নিয়ে তারা অন্ধকারে।
পরে জানা যায়, শাকিব প্রথম টেস্টে খেলার সময় চোট পান। হাতুরুসিংঘের কথায়, শাকিব দ্বিতীয় টেস্টে খেলার জন্য প্রস্তুত। শাকিবের ফর্ম নিয়েও চিন্তা নেই। দলগতভাবে বাংলাদেশ আরও ভালো খেলার ক্ষমতা রাখে। তেমনই শাকিবও বিশ্বাস করেন, আরও ভালো পারফর্ম করতে পারেন তিনি।
বাংলাদেশের হেড কোচ বলেন, শাকিব দ্বিতীয় ইনিংসে প্রশংসনীয় ব্যাটিংই করেছেন। ভারত খুবই শক্ত প্রতিপক্ষ। সে কারণেই ম্যাচের ফল বাংলাদেশের পক্ষে যায়নি বলে দাবি হাতুরুর। শাকিব প্রথম ইনিংসে দলের মধ্যে সর্বাধিক ৬৪ বলে ৩২ করেন। দ্বিতীয় ইনিংসে করেন ৫৬ বলে ২৫।
দলের অনেকেই ৩০ বল খেলার পরও উইকেটে থিতু হতে পারেননি, বড় ইনিংস খেলতে পারেননি। সেটাই কিছুটা চিন্তার বলে মনে করছেন বাংলাদেশের হেড কোচ। সে কারণেই ভারতীয় দলের চ্যালেঞ্জ সামলানো কঠিন বুঝেও কানপুরে বড় ইনিংস খেলা সুনিশ্চিত করাতেই ফোকাস রাখছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তবে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথা ভেবে প্রথম একাদশ ঠিক করতে চাইছে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। প্রথম একাদশে সেরাদেরই রাখার পরিকল্পনা হাতুরুসিংঘের। কাল পিচ দেখে তারপর ঠিক করবেন চিপকের দলে কোনও বদল আনবেন কিনা। বাংলাদেশের হেড কোচের দাবি, টেস্টের জন্য নাকি দুটি পিচ তৈরি রাখা হয়েছে। কোনটিতে খেলা হবে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। ফলে কাল পিচ দেখেই কম্বিনেশন ঠিক করা হবে।












Click it and Unblock the Notifications