IND vs BAN: শাকিবের চোট লুকিয়ে খেলা নিয়ে জোর বিতর্ক শুরু, কানপুর টেস্টেই কি বাদ পড়বেন?
IND vs BAN: শাকিব আল হাসান কি কানপুর টেস্টে দলে থাকবেন? চেন্নাই টেস্টে নিষ্প্রভ শাকিবের চোট লুকিয়ে খেলা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। সরব হয়েছেন তামিম ইকবালও।
চেন্নাইয়ে টেস্ট কেরিয়ারের সবচেয়ে বাজে বোলিং করেছেন ৩৭ বছরের শাকিব। যিনি এই টেস্ট খেলতে নেমেছেন বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার হিসেবে।

প্রথম ইনিংসে শাকিবকে অনেক দেরিতে বল করতে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮ ওভারে শাকিব দেন ৫০। এরপর দায়িত্বজ্ঞানহীনভাবে রিভার্স স্যুইপ মারতে গিয়ে আউট হন ৬৪ বলে ৩২ রান করে। হেলমেটের স্ট্র্যাপ কামড়াতে কামড়াতে ব্যাটিং করছিলেন। তা নাকি মাথা সঠিক জায়গায় রেখে ঠিকভাবে ব্যাটিং করতে।
এরপর দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৭৯ রান দেন শাকিব। আজ তাঁকে দিয়ে ৭ ওভার করান শান্ত। তবে বেধড়ক ঠ্যাঙানি খান। ঋষভ পন্থ ৬টি চার ও ২টি ছয় মারেন। টেস্টে অন্তত ২০ ওভার হাত ঘুরিয়ে এই নিয়ে পঞ্চমবার কোনও উইকেট পেলেন না শাকিব। ২১ ওভারে দিলেন ১২৯, ইকনমি ৬.১৪, যা কোনও টেস্টে তাঁর সবচেয়ে খারাপ ইকনমি।
এরই মধ্যে ধারাভাষ্য দিতে গিয়ে মুরলী কার্তিক বিস্ফোরক তথ্য দেন। তিনি জানান, আজ শাকিব নাকি তাঁকে বলেছেন তাঁর বাঁ হাতে আঙুলে অস্ত্রোপচার হয়েছিল। সেই জায়গাটি শক্ত হয়ে আছে, ফুলেও গিয়েছে। ফলে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। বল গ্রিপ করতে গেলে অনুভূতিহীন অবস্থার কথা জানান শাকিব। সেই সঙ্গে রয়েছে কাঁধের চোট।
উল্লেখ্য, গত বছর শাকিব বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কা ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন। এরপর ভারতের বিরুদ্ধে কাঁধের চোটের কারণেও খেলতে পারেননি। আঙুলের চোটের কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে ছিলেন। সেই সঙ্গে চোখের সমস্যার কারণেও দেশের হয়ে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।
তামিম ইকবাল ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, মুরলী কার্তিক জানালেন আঙুলের চোটের কারণে শাকিবের বল গ্রিপ করতে না পারার কথা। তাহলে বাংলাদেশ চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে। বাংলাদেশের টিম ম্য়ানেজমেন্ট শাকিবের চোটের কথা জানত কিনা সেই প্রশ্ন তোলেন তামিম।
শাকিব পাকিস্তান সিরিজে খেলেছেন। তারপর ইংল্যান্ডে গিয়ে কাউন্টিতে সারের হয়ে নেমে ৬৩.২ ওভার বল করেন। এরপর চেন্নাইয়ে যোগ দেন বাংলাদেশ দলের সঙ্গে। ম্যাচগুলির মধ্যে যে ব্যবধান ছিল তাতে আঙুলে অপারেশন করিয়ে এই ম্যাচগুলিতে খেলা অসম্ভব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য শাকিবের চোট নিয়ে ধোঁয়াশায়। বিসিবির চিফ ফিজিশিয়ান ডা. দেবাশিস চৌধুরী বলেছেন, বিশ্বকাপের সময় শাকিবের আঙুলে চিড় ছিল। এ ছাড়া কয়েক বছর আগে আঙুলের চোট থেকে ইনফেকশন হয়েছিল। শাকিব অবশ্য তাঁর আঙুল বা কাঁধের চোট নিয়ে কিছু জানাননি। যদিও আঙুল ভাঙলে অস্বস্তি হতেই পারে। এই পরিস্থিতিতে শাকিবের কানপুর টেস্টে খেলা নিয়ে সংশয় দেখা দিল।












Click it and Unblock the Notifications