IND vs BAN: টি২০ আন্তর্জাতিকে সঞ্জু স্যামসনের প্রথম শতরান, সূর্যকুমারের সঙ্গে গড়লেন রেকর্ডও, অক্ষত রোহিত
IND vs BAN: হায়দরাবাদে তৃতীয় টি২০ আন্তর্জাতিকে রানের পাহাড় গড়তে চলেছে ভারত। ইতিমধ্যেই শতরান পেয়ে গিয়েছেন সঞ্জু স্যামসন। টি২০ আন্তর্জাতিক কেরিয়ারে যা তাঁর প্রথম শতরান।
ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি২০ আন্তর্জাতিক শতরান পেলেন সঞ্জু। দ্বিতীয় উইকেট জুটিতে ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের পার্টনারশিপও গড়লেন সঞ্জু ও সূর্য।

টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তৃতীয় ওভারের প্রথম বলে ওপেনার অভিষেক শর্মা আউট হন তানজিম হাসান সাকিবের বলে। অভিষেক ৪ বলে ৪ রানের বেশি তুলতে পারেননি। ভারতের প্রথম উইকেটটি পড়েছিল ২৩ রানে। তারপর থেকেই ঝোড়ো ব্যাটিং চালিয়ে যেতে থাকেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব।
সঞ্জু ২২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে। এরপর টি২০ আন্তর্জাতিকে প্রথম শতরানটি তিনি পেয়ে গেলেন ৪০ বলে। তখন তাঁর নামের পাশে ৯টি চার ও ৮টি ছয়। তার মধ্যে দশম ওভারে রিশাদ হোসেনের বলে টানা পাঁচটি ছয় মারেন। ৫০ থেকে একশোতে পৌঁছতে সঞ্জু নেন ১৮ বল।
ভারতের ৫০ রান আসে ৪.২ ওভারে। ১০০ রান হয় ৭.১ ওভারে। দেড়শো রান ভারত তুলে ফেলে ১০ ওভারে। ভারত ২০০ রানে পৌঁছয় ১৪তম ওভারের শেষ বলে। ১৩.৪ ওভারে সঞ্জু স্যামসন যখন আউট হলেন তখন ভারতের স্কোর ২ উইকেটে ১৯৬। ১১টি চার ও ৮টি ছয়ের সাহায্যে সঞ্জু ৪৭ বলে ১১১ রান করলেন।
ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম টি২০ আন্তর্জাতিক শতরান পেলেন সঞ্জু। রোহিত শর্মা ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন ৩৫ বলে। সঞ্জু ৪০ বলে শতরান পূর্ণ করে রোহিতের পরেই রইলেন। টি২০ আন্তর্জাতিকে দ্রুততম শতরানটি করেছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। তিনি সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে শতরান করেন।
সূর্যকুমার যাদব ৮টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে করলেন ৩৫ বলে ৭৫। তিনি মাহমুদউল্লাহর বলে বড় শট খেলতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ভারতের তৃতীয় উইকেট পড়ে ১৪.৩ ওভারে ২০৬ রানে। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২১৩। ক্রিজে রয়েছেন রিয়ান পরাগ ও হার্দিক পাণ্ডিয়া।












Click it and Unblock the Notifications